রাজ্য রাজনীতিতে আজ বড় দিন। মঙ্গলবার দুপুরে কালীঘাট থেকে ২৯৪টি আসনের পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তার ঠিক আগেই মেগা যোগদান পর্বে চমক দিল তৃণমূল কংগ্রেস। এদিন চন্দ্রিমা ভট্টাচার্য ও পার্থ ভৌমিকের উপস্থিতিতে শাসকদলে যোগ দিলেন বাংলার প্রাক্তন ক্রিকেটার শিবশঙ্কর পাল। শুধু খেলার মাঠ নয়, বিশিষ্টজনদের মহলেও থাবা বসাল তৃণমূল; দলে এলেন শিক্ষাবিদ তনুশ্রী হাঁসদা এবং মুহম্মদ আব্দুল মতিন। অন্যদিকে, ঝাড়গ্রাম জেলা কার্যালয়েও যোগদানের ছবি দেখা গেছে, সেখানে ঘাসফুল শিবিরে নাম লেখালেন সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের ল-অফিসার মঙ্গল সরেন।
বিজেপি ও সিপিএম ইতিমধ্যেই তাদের বড় অংশের প্রার্থী তালিকা প্রকাশ করে দিলেও তৃণমূল সম্ভবত এক দফাতেই সব নাম ঘোষণা করবে। আর সেই তালিকায় যে বড়সড় চমক থাকতে চলেছে, শিবশঙ্কর পালের এই যোগদান তারই ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছে রাজনৈতিক মহল। বিশেষ করে ভবানীপুর ও নন্দীগ্রাম— এই দুই হাই-ভোল্টেজ আসনেই বিজেপি শুভেন্দু অধিকারীকে প্রার্থী করায় তৃণমূলের পাল্টা চাল কী হবে, তা নিয়ে বঙ্গবাসীর উত্তজনা এখন তুঙ্গে।
তৃণমূল সূত্রের খবর, এবারের তালিকায় তরুণ এবং নতুন মুখদের প্রাধান্য দেওয়া হচ্ছে। একুশের সেই রুদ্ধশ্বাস নন্দীগ্রাম লড়াইয়ের স্মৃতি উসকে দিয়ে এবার ভবানীপুর বা নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায় কাদের ওপর ভরসা রাখেন, এখন সেটাই দেখার। প্রার্থী তালিকা ঘোষণার ঠিক আগে এই যোগদান পর্ব তৃণমূল কর্মীদের মনে বাড়তি উৎসাহ জুগিয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন