ঢাকা: ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে বাংলাদেশের লালমনিরহাটের পাটগ্রামে ট্রাকের ধাক্কায় শিশুসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ মার্চ) সকালে উপজেলার মির্জারকোট মডেল মসজিদ এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত শরিফুল ইসলাম (৩৫) পাটগ্রামে একটি বেসরকারি এনজিওতে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে গ্রামের বাড়ি দিনাজপুরের হাকিমপুর উপজেলার মনসাপুর গ্রামে ফেরার উদ্দেশ্যে সকালে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে রওনা দেন তিনি।
পথে পাটগ্রামের মির্জারকোট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শরিফুল ইসলামের স্ত্রী নিহত হন।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক শরিফুল ইসলাম ও তার এক সন্তানকে মৃত ঘোষণা করেন। আহত অপর শিশুকে গুরুতর অবস্থায় রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক জানান, সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। ঘটনার বিষয়ে তদন্ত চলছে।
এই দুর্ঘটনায় ঈদের আনন্দযাত্রা মুহূর্তেই পরিণত হয়েছে শোকের ঘটনায়, এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
বিষয় : Bangladesh RoadSafety Road Accedent

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন