বিধানসভা নির্বাচনের ঠিক মুখে শুভেন্দু অধিকারীর খাসতালুক নন্দীগ্রামে বড়সড় ধাক্কা খেল বিজেপি। মঙ্গলবার কলকাতার ক্যামাক স্ট্রিটে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা তুলে নিয়ে তৃণমূলে ফিরলেন হেভিওয়েট নেতা তথা শুভেন্দু-ঘনিষ্ঠ পবিত্র কর। তাঁর এই ঘরওয়াপসি নন্দীগ্রামের রাজনৈতিক সমীকরণকে পুরোপুরি ওলটপালট করে দিতে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
২০২০ সালে শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার আগেই তৃণমূল ছেড়েছিলেন পবিত্র কর। সেই সময় দিলীপ ঘোষের হাত থেকে পদ্ম পতাকা তুলে নিয়েছিলেন তিনি। নন্দীগ্রামের বয়াল-১ গ্রাম পঞ্চায়েতের তৎকালীন প্রধান হিসেবে তাঁর দাপট ছিল প্রশ্নাতীত। পরবর্তীতে তিনি বিজেপির পূর্ব মেদিনীপুর জেলার সহ-সভাপতিও হন। এমনকি তাঁর স্ত্রী বর্তমানে বিজেপির টিকিটে জিতে গ্রাম পঞ্চায়েতের প্রধান পদে রয়েছেন। এ হেন প্রভাবশালী নেতার তৃণমূলে ফেরাতে শোরগোল শুরু হয়েছে গোটা জেলায়।
রাজনৈতিক মহলে এখন সবথেকে বড় চর্চা— তবে কি ২০২৬-এর নির্বাচনে শুভেন্দুর বিরুদ্ধেই পবিত্র করকে ময়দানে নামাতে চলেছে তৃণমূল? গতবার মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শুভেন্দুর সেই ঐতিহাসিক লড়াইয়ের স্মৃতি এখনও টাটকা।
এবার শুভেন্দু যখন নিজের গড় রক্ষার পাশাপাশি মমতার কেন্দ্র ভবানীপুরেও লড়াইয়ের ডাক দিয়েছেন, ঠিক তখনই পবিত্র করকে পাশে নিয়ে তৃণমূল তাঁকে ঘরের মাঠে কোণঠাসা করার পরিকল্পনা করছে বলেই মনে করা হচ্ছে। নন্দীগ্রামের মাটিতে ‘পুরোনো বন্ধু’দের এই মুখোমুখি লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন