কলকাতা: রাজ্যের ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গিয়েছে। রাজনৈতিক দলগুলো কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে। কিন্তু এর মধ্যেই এক অদ্ভুত অনিশ্চয়তা দানা বেঁধেছে রাজ্যের ভোটারদের একাংশের মনে। কারণ, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হওয়ার পরেও প্রায় ৬০ লক্ষ মানুষের নাম এখনও ‘বিবেচনাধীন’ তালিকায় ঝুলে রয়েছে। তাঁরা এবারের নির্বাচনে আদৌ ভোট দিতে পারবেন কি না, তা নিয়ে তৈরি হয়েছিল বড়সড় প্রশ্নচিহ্ন। অবশেষে সেই জট কাটাতে তৎপর হলো নির্বাচন কমিশন। কমিশনের বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানালেন, আগামী শুক্রবার বা শনিবারের মধ্যেই প্রকাশ পেতে পারে প্রথম সাপ্লিমেন্টারি বা পরিপূরক ভোটার তালিকা।
গত ২৮ ফেব্রুয়ারি এসআইআর প্রক্রিয়ায় যে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছিল, সেখানে দেখা গিয়েছিল বিশাল সংখ্যক ভোটারের নাম বিবেচনাধীন তালিকায় রাখা হয়েছে। এরপর দুই সপ্তাহের বেশি সময় পার হয়ে গেলেও সেই ভোটারদের ভাগ্য ঝুলে ছিল। বর্তমানে জুডিশিয়াল অফিসাররা সেই তথ্য খতিয়ে দেখার কাজ করছেন। কমিশন সূত্রে জানানো হয়েছে, এখনও পর্যন্ত প্রায় ২১ লক্ষ বিবেচনাধীন ভোটারের নামের নিষ্পত্তি করা সম্ভব হয়েছে। এই নিষ্পত্তি হওয়া নামগুলো নিয়েই প্রথম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশের তোড়জোড় চলছে। বিশেষ পর্যবেক্ষক সুব্রত গুপ্ত জানান, জুডিশিয়াল অফিসারদের থেকে তথ্য পাওয়ার পর সব ঠিক থাকলে চলতি সপ্তাহের শেষেই তালিকাটি জনসমক্ষে আসবে।
তবে স্বস্তির খবরের পাশাপাশি দানা বাঁধছে নতুন সংশয়। প্রথম দফায় ২১ লক্ষের নিষ্পত্তি হলেও এখনও প্রায় ৩৯ লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলায় দুই দফায় ভোট— ২৩ ও ২৯ এপ্রিল। হাতে সময় মাত্র এক মাসের সামান্য বেশি। এই স্বল্প সময়ের মধ্যে বাকি ৩৯ লক্ষ মানুষের তথ্য খতিয়ে দেখা কতটা সম্ভব, তা নিয়ে প্রশ্ন তুলছে রাজনৈতিক মহল। নিয়ম অনুযায়ী, যাঁদের নাম তালিকা থেকে বাদ যাবে, তাঁদের ট্রাইব্যুনালে আবেদন করার সুযোগ দিতে হবে। কিন্তু সেই প্রক্রিয়া সম্পন্ন করার মতো পর্যাপ্ত সময় কি হাতে আছে?
এই ইস্যুতেই নির্বাচন কমিশনকে কড়া ভাষায় বিঁধেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য সরাসরি প্রশ্ন তুলেছেন কমিশনের সদিচ্ছা নিয়ে। তাঁর অভিযোগ, হাইকোর্টের কাঁধে দায় চাপিয়ে তথ্য লুকনোর চেষ্টা হচ্ছে। চন্দ্রিমা দেবীর দাবি, “যাঁদের নাম বাদ যাবে, তাঁরা ট্রাইব্যুনালে যাওয়ার সময় পাবেন তো? এর পিছনে কি অন্য কোনও উদ্দেশ্য আছে?” ভোটারদের অধিকার রক্ষার প্রশ্নে তৃণমূল যে একচুলও জমি ছাড়বে না, তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। এখন দেখার, কমিশনের দেওয়া সময়সীমার মধ্যে বাকি লক্ষ লক্ষ ভোটারের নাম সাপ্লিমেন্টারি তালিকায় জায়গা পায় কি না।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন