চুঁচুড়া: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় বড় চমক হুগলির চুঁচুড়া কেন্দ্র। তিনবারের জয়ী বিধায়ক অসিত মজুমদারকে সরিয়ে এবার সেখানে ঘাসফুল শিবিরের বাজি দলের যুব নেতা তথা আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। মঙ্গলবার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরেই চুঁচুড়ায় পা রাখেন দেবাংশু। তবে তাঁর আগমনে যেমন কর্মী-সমর্থকদের উন্মাদনা দেখা গেল, তেমনই বিদায়ী বিধায়ক অসিত মজুমদারের গলায় শোনা গেল একরাশ হতাশা আর ক্ষোভের সুর।
টানা তিনবার চুঁচুড়ার বিধায়ক পদে থাকা অসিত মজুমদার এবার টিকিট না পেয়ে প্রকাশ্যেই নিজের ক্ষোভ উগরে দিয়েছেন। টিকিট বাতিলের খবর আসতেই তিনি জানিয়ে দেন, আর রাজনীতি করবেন না। কার্যত রাজনৈতিক সন্ন্যাস নেওয়ার ইঙ্গিত দিয়ে তিনি বলেন, “রাজনীতি আর করব না।
রাজনীতি থেকে এবার বিশ্রাম নিলাম।” তাঁর এই মন্তব্য ঘিরে জেলার রাজনৈতিক মহলে শোরগোল পড়ে গিয়েছে। গত পাঁচ বছরের ‘পারফরম্যান্স’ বিচার করে দল তাঁকে টিকিট দেয়নি বলে সূত্রের খবর হলেও, অভিজ্ঞ এই নেতার অভিমান সামলানো এখন শাসকদলের কাছে বড় চ্যালেঞ্জ।
বিদায়ী বিধায়কের ক্ষোভের মুখে দাঁড়িয়ে অত্যন্ত পরিণত এবং কৌশলী অবস্থান নিয়েছেন তরুণ তুর্কি দেবাংশু ভট্টাচার্য। মঙ্গলবার সন্ধ্যায় চুঁচুড়া ঘড়ির মোড়ে পৌঁছে তিনি সাফ জানান, লড়াইটা তিনি একা লড়তে চান না। অসিত মজুমদার প্রসঙ্গে তাঁর মন্তব্য:
“অসিতবাবু আমার পিতৃসম, আমি ওনার সন্তানের মতো। রাজনীতিতে মান-অভিমান থাকতেই পারে, কিন্তু আমি বিশ্বাস করি একজন পিতা কখনোই তাঁর সন্তানকে ফিরিয়ে দেবেন না। আমি ওনার আশীর্বাদ নিয়েই এগোব।”
বুধবার তিনি আরও জানিয়েছেন যে, তিনি ব্যক্তিগতভাবে অসিত মজুমদারের সঙ্গে দেখা করবেন এবং তাঁর পরামর্শ নিয়ে নির্বাচনী প্রচারের রূপরেখা তৈরি করবেন।
২০২৪-এর লোকসভা নির্বাচনে হারলেও, বিধানসভায় দলের ভরসা জিতে নিয়েছেন দেবাংশু। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, চুঁচুড়ার মানুষের প্রত্যাশা পূরণ করাই তাঁর প্রধান লক্ষ্য। আগামী পাঁচ বছরের জন্য ‘নতুন চুঁচুড়া’র রোডম্যাপ তৈরি করে সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি দাবি করেন, চুঁচুড়ার সচেতন মানুষ এবারও ঘাসফুলের পাশেই থাকবেন।
এখন দেখার, ‘পুত্রসম’ দেবাংশুর ডাকে সাড়া দিয়ে ‘অভিমানী’ অসিত মজুমদার শেষ পর্যন্ত নির্বাচনী ময়দানে দলের হয়ে নামেন কি না।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন