রাজ্যের পুলিশ প্রশাসনে রদবদল নিয়ে ফের বড়সড় চমক দিল নির্বাচন কমিশন। আইপিএস অফিসারদের ভিনরাজ্যে অবজার্ভার হিসেবে পাঠানোর সিদ্ধান্ত নিলেও, ২৪ ঘণ্টার মধ্যেই সেই অবস্থান থেকে আংশিক পিছু হঠল কমিশন। বিশেষ করে মুরলীধর শর্মা এবং সৈয়দ ওয়াকার রাজা— এই দুই হেভিওয়েট আইপিএস অফিসারকে আপাতত ভিনরাজ্যে পাঠানো হচ্ছে না।
মুরলীধর শর্মা এবং সৈয়দ ওয়াকার রাজাকে অন্য রাজ্যে অবজার্ভার হিসেবে পাঠানোর কথা থাকলেও, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত তাঁরা পশ্চিমবঙ্গেই নিজেদের দায়িত্ব সামলাবেন। তালিকায় থাকা বাকি ১৩ জন আইপিএস অফিসারকে অবশ্য ভিনরাজ্যে পাঠানো হচ্ছে। তাঁরা তামিলনাড়ু এবং কেরলে নির্বাচনী অবজার্ভার হিসেবে কাজ করবেন। এই তালিকায় রশিদ মুনির খান, প্রবীণ কুমার ত্রিপাঠি এবং আকাশ মাঘারিয়ার মতো আধিকারিকরা রয়েছেন।
নির্বাচন ঘোষণার দিন থেকেই কমিশন রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং ডিজিপি-সহ একাধিক শীর্ষকর্তাকে সরিয়ে প্রশাসনকে ঢেলে সাজানোর প্রক্রিয়া শুরু করেছিল। কলকাতা পুলিশ কমিশনার থেকে শুরু করে ১১টি জেলার জেলাশাসক এবং একাধিক রেঞ্জের ডিআইজি-দেরও রাতারাতি বদলি করা হয়েছে।
রাজ্য প্রশাসনের এই ব্যাপক রদবদল নিয়ে ইতিমধ্যেই সুর চড়িয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনা না করেই এভাবে আধিকারিকদের সরিয়ে দেওয়া হচ্ছে। এই আবহে দুই আইপিএস-এর ক্ষেত্রে কমিশনের সিদ্ধান্ত বদল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
আপাতত নজরে কমিশনের পরবর্তী পদক্ষেপ। কেন শেষ মুহূর্তে দুই অফিসারের ক্ষেত্রে সিদ্ধান্ত বদল হলো, তা নিয়ে প্রশাসনিক মহলে জোর চর্চা চলছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন