কলকাতা: গিরীশ পার্কে অশান্তি ও রাজ্যের মন্ত্রী শশী পাঁজার বাড়িতে হামলার ঘটনায় ধৃত নয় অভিযুক্তকে আগামী সোমবার (২৩ মার্চ, ২০২৬) পর্যন্ত জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার পুলিশের পক্ষ থেকে অভিযুক্তদের পুনরায় নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হলেও, বিচারক শেষ পর্যন্ত বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশই বহাল রাখেন।
এদিন আদালতে ধৃতদের আইনজীবীরা দাবি করেন, পুরো ঘটনাটি সাজানো। তাঁদের অভিযোগ, পুলিশ সঠিক নিয়ম মেনে সামগ্রী বাজেয়াপ্ত করেনি এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ নিয়েও ধোঁয়াশা রয়েছে। এই যুক্তিতে তাঁরা জামিনের আবেদন করলেও আদালত তা খারিজ করে দেয়। ধৃতদের তালিকায় রয়েছেন প্রসাদ জয়সওয়াল, প্রসূন পাত্র, বিকি বেরা, গোবিন্দ কর্মকার, দীপজিৎ দাস, সানি দে, চরণজিৎ সিংহ, কৃষাণু বসু এবং রাজেশ কুমার। তাঁদের বিরুদ্ধে খুনের চেষ্টা, সরকারি কাজে বাধা এবং জনসুরক্ষা (WBMPPO) আইনের একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে।
এদিকে, গিরীশ পার্কের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের রিপোর্টে তীব্র অসন্তোষ প্রকাশ করেছে নির্বাচন কমিশন। গত শনিবার (১৪ মার্চ) বিজেপির ব্রিগেড সমাবেশের দিন প্রায় একঘণ্টা ধরে অশান্তি চললেও কেন সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন ছিল না, তার কৈফিয়ত তলব করেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। কমিশন এই বিষয়ে নতুন করে রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে।
উল্লেখ্য, গত ১৪ মার্চ বিজেপির ব্রিগেড সমাবেশগামী একটি বাসের উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্রের চেহারা নেয় গিরীশ পার্ক। মন্ত্রী শশী পাঁজার অনুগামীরা পরিকল্পিতভাবে বাসে হামলা চালান বলে অভিযোগ ওঠে। দাবি করা হচ্ছে, পুলিশের কাছে আগাম খবর থাকা সত্ত্বেও তারা এক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হয়েছে। অন্যদিকে, তৃণমূলের দাবি, মোদীর সভায় যাওয়ার পথে বিজেপি কর্মীরাই বিনা প্ররোচনায় অশান্তি তৈরি করেন এবং মন্ত্রীর বাড়ি লক্ষ্য করে হামলা চালান।
সেই সংঘর্ষে দু’পক্ষের বেশ কয়েকজন কর্মীর পাশাপাশি জখম হন বউবাজার থানার ওসি বাপ্পাদিত্য নস্কর-সহ মোট আটজন পুলিশকর্মী। ঘটনার পর পুলিশ স্বতঃপ্রবৃত্ত মামলা করার পাশাপাশি তৃণমূল ও বিজেপি - উভয় পক্ষের অভিযোগের ভিত্তিতেই তদন্ত শুরু করেছে।
বিষয় : Shashi Panja

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন