গুয়াহাটি: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে অসমে জোটের পথে হাঁটল না তৃণমূল কংগ্রেস। কংগ্রেসের নেতৃত্বাধীন সাত দলীয় বিরোধী জোটে সামিল না হয়ে একক শক্তিতে লড়াইয়ের সিদ্ধান্ত নিল ঘাসফুল শিবির। শনিবার ১৭টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করে লড়াইয়ের ময়দানে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দল।
তৃণমূলের ঘোষিত ১৭ জনের প্রার্থিতালিকায় বেশ কিছু গুরুত্বপূর্ণ নাম রয়েছে। উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন - দুলু আহমেদ: দলের রাজ্য সহ-সভাপতি লড়ছেন চামারিয়া আসন থেকে।
উদাংশ্রী নার্জারি: বরো জনগোষ্ঠীর এই প্রভাবশালী নেতাকে কোকরাঝাড় আসনে প্রার্থী করেছে দল।
তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে জানানো হয়েছে, শীঘ্রই আরও কয়েকটি আসনের জন্য প্রার্থীদের নাম চূড়ান্ত করা হবে। অন্যদিকে, একই দিনে কংগ্রেসও তাদের চতুর্থ তালিকায় সাতজন প্রার্থীর নাম ঘোষণা করেছে।
প্রসঙ্গত, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বাধীন বিজেপি সরকারকে ক্ষমতাচ্যুত করতে অসমে একজোট হয়েছে সাতটি দল। প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈয়ের নেতৃত্বে এই জোটে রয়েছে - সিপিএম ও সিপিআইএমএল (লিবারেশন), ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম), অসম জাতীয় পরিষদ (প্রাক্তন আসু নেতাদের দল), অল পার্টি হিল লিডার্স কনফারেন্স (জনজাতি সংগঠন), অখিল গগৈয়ের রাইজর দল। তৃণমূল এই জোটে না থাকায় বিরোধী ভোট ভাগ হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে কিনা, তা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে চর্চা শুরু হয়েছে।
অসমের ১২৬টি বিধানসভা আসনে এবার ৯ এপ্রিল এক দফাতেই ভোটগ্রহণ করা হবে। পশ্চিমবঙ্গ, কেরালা, তামিলনাড়ু ও পুদুচেরির সঙ্গেই আগামী ৪ মে ফল ঘোষণা করা হবে। বিজেপির দুর্গে হানা দিতে তৃণমূলের এই ‘একলা চলো’ নীতি কতটা কার্যকর হয়, এখন সেটাই দেখার।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২১ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন