গুয়াহাটি: ভোটের মুখে ওলটপালট অসমের রাজনীতি। টিকিট না পেয়ে ক্ষোভ উগরে দিয়ে এবার বিজেপি ছাড়লেন হিমন্ত বিশ্বশর্মা মন্ত্রিসভার দাপুটে সদস্য নন্দিতা গারলোসা। সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগ দিলেন তিনি। রাজনৈতিক মহলের মতে, নির্বাচনের মাত্র ১৭ দিন আগে গৌরব গগৈদের এই 'মাস্টারস্ট্রোক' বিজেপি শিবিরের অস্বস্তি অনেকটাই বাড়িয়ে দিল।
গত বিধানসভা নির্বাচনে হাফলং কেন্দ্র থেকে জয়ী হয়ে মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছিলেন নন্দিতা। বিদ্যুৎ, খনিজ, ক্রীড়া এবং যুবকল্যাণ দফতরের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি। কিন্তু, এবারের নির্বাচনে তাঁকে ব্রাত্য রেখে রূপালি লাংথাসা নামে এক আনকোরা মুখকে প্রার্থী করেছে গেরুয়া শিবির। আর তাতেই দানা বাঁধে ক্ষোভ।
সূত্রের খবর, নন্দিতার মান ভাঙাতে রবিবার খোদ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা তাঁর বাড়িতে গিয়েছিলেন। কিন্তু, সেই দীর্ঘ বৈঠকেও কোনও রফা হয়নি। ফলত, সোমবার সকালেই ভোলবদল করে হাত শিবিরে নাম লেখান নন্দিতা। গুঞ্জন শোনা যাচ্ছে, মঙ্গলবারই হাফলং কেন্দ্র থেকে নন্দিতাকে নিজেদের প্রার্থী হিসাবে ঘোষণা করতে পারে কংগ্রেস।
অসম বিজেপির অন্দরে বর্তমানে টিকিট বণ্টন নিয়ে রীতিমতো গৃহযুদ্ধ চলছে বলে খবর। বহু পুরনো নেতা টিকিট না পেয়ে নির্দল হিসাবে লড়াই করার প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিজেপির এই বিক্ষুব্ধ প্রার্থীরা নির্দল হয়ে দাঁড়ালে ভোট কাটাকাটি হবে। যার সরাসরি সুবিধা পেতে পারে কংগ্রেস। সম্প্রতি একের পর এক দলত্যাগে কংগ্রেস কোণঠাসা হলেও, নন্দিতার যোগদান কর্মীদের মনে বাড়তি অক্সিজেন জুগিয়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই রাইজোর দলের সঙ্গে জোট নিশ্চিত করেছে কংগ্রেস। মুসলিম ভোটের পাশাপাশি ভূমিপুত্রদের ভোটব্যাঙ্কেও থাবা বসাতে মরিয়া গৌরব গগৈরা।
আগামী ৯ এপ্রিল অসমে ভোট। তার আগে নন্দিতা গারলোসার এই দলবদল এবং বিজেপির অন্দরের ডামাডোল নির্বাচনী সমীকরণকে কোন দিকে নিয়ে যায়, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন