ঢাকা: বাংলাদেশের ইতিহাসকে আরও সমৃদ্ধ করতে এক বড় পদক্ষেপ নিল তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ এবং ২০২৪ সালের ‘জুলাই আন্দোলন’ নিয়ে গভীর গবেষণার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে। এই গবেষণার জন্য একক বা প্রাতিষ্ঠানিক পর্যায়ে ৫ লক্ষ থেকে শুরু করে ২৫ লক্ষ টাকা পর্যন্ত সরকারি অনুদান দেওয়ার ঘোষণা করা হয়েছে।
সরকারি কর্মকর্তাদের মতে, মুক্তিযুদ্ধের অনেক স্থানীয় ইতিহাস এবং তথ্য এখনও অজানাই রয়ে গিয়েছে। একইসঙ্গে ২০২৪ সালের গণঅভ্যুত্থান বা জুলাই আন্দোলনের অনেক স্তর নিয়ে তথ্য সংগ্রহ ও সংরক্ষণ করা জরুরি। এই দুটি গুরুত্বপূর্ণ অধ্যায়কে নথিবদ্ধ করতেই সরকার এই বিশেষ উদ্যোগ নিয়েছে।
বাংলাদেশ মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় তিন পর্যায়ে এই অনুদানের কথা জানিয়েছে:
প্রাতিষ্ঠানিক বা দলীয় গবেষণা: মেয়াদ ১ বছর। অনুদানের পরিমাণ ১০ থেকে ২৫ লক্ষ টাকা।
একক গবেষণা (প্রথম ধাপ): মেয়াদ ৯ মাস। অনুদানের পরিমাণ ৫ থেকে ১০ লক্ষ টাকা।
একক গবেষণা (দ্বিতীয় ধাপ): মেয়াদ ৬ মাস। অনুদানের পরিমাণ ৫ লক্ষ টাকা।
প্রয়োজনে মন্ত্রকের অনুমতি সাপেক্ষে গবেষণার সময়সীমা একবার বৃদ্ধি করা যেতে পারে।
সরকারি কর্মচারী, অবসরপ্রাপ্ত কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ে কর্মরত শিক্ষক বা গবেষক এবং পিএইচডি ডিগ্রিধারী যে কেউ এই অনুদানের জন্য আবেদন করতে পারবেন।
প্রতি বছর ৩১ জুলাইয়ের মধ্যে গবেষণার প্রস্তাব আহ্বান করা হবে। প্রস্তাব জমা দেওয়ার শেষ তারিখ ৩১ অক্টোবর। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ৩১ ডিসেম্বরের মধ্যে।
গত ৪ মার্চ এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই অনুদানের বিষয়ে বিস্তারিত জানিয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রক। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ক্ষমতায় আসার পর মুক্তিযুদ্ধের পাশাপাশি জুলাই আন্দোলনের ইতিহাসকে প্রাতিষ্ঠানিক রূপ দিতেই বিএনপির এই মাস্টারস্ট্রোক।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন