বিনোদন ডেস্ক: মুম্বইয়ের চেম্বুরে ২.২ একর জমির উপর দাঁড়িয়ে থাকা ‘আর কে স্টুডিয়ো’ মানেই একরাশ নস্ট্যালজিয়া। রাজ কাপুরের সেই স্বপ্নের সাম্রাজ্য কি তবে চিরতরে হারিয়ে যেতে বসেছে? সম্প্রতি গুঞ্জন উঠেছিল, ঠাকুর্দার সেই স্মৃতি বিজড়িত স্টুডিয়ো পুনরুদ্ধারের দায়িত্ব নিতে পারেন নাতি রণবীর কাপুর। কিন্তু, সেই জল্পনায় আপাতত জল ঢেলে দিলেন রণবীরের তুতো-দিদি করিনা কাপুর খান।
এক সাক্ষাৎকারে করিনা স্পষ্ট জানান, স্টুডিয়ো পুনর্নির্মাণ নিয়ে কাপুর পরিবারের অন্দরে দীর্ঘ আলোচনা হয়েছে। তাঁদের পারিবারিক হোয়াটসঅ্যাপ গ্রুপেও বিষয়টি উঠেছিল। কিন্তু, অত্যন্ত দুঃখের সঙ্গে তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছেছেন যে - স্টুডিয়োটি আগের রূপে ফিরিয়ে আনা আর সম্ভব নয়। করিনার কথায়, "এই দায়িত্বটা নিলে একমাত্র আমার দিদি করিশ্মা এবং রণবীরই নিতে পারত। কিন্তু, রণবীর এই মুহূর্তে পুরোপুরি অভিনয়ে মনোনিবেশ করতে চায়। ও নিজের সৃজনশীলতা আর শিল্প নিয়েই থাকতে আগ্রহী।" করিনা নিজেও সাফ জানিয়ে দিয়েছেন, প্রযোজনা বা পরিচালনার দিকে পা বাড়ানোর কোনও পরিকল্পনা তাঁর নেই।
১৯৪৯ সালে ‘বরসাত’ ছবির আকাশছোঁয়া সাফল্যের পর সেই টাকায় এই স্টুডিয়ো গড়ে তুলেছিলেন রাজ কাপুর। ১৯৫০ সালে মাথা তুলে দাঁড়ায় এর মূল ভবন। ‘ববি’ ছবির সেই বিখ্যাত গান ‘হম তুম এক কমরে মে বন্দ হ্যায়’-এর শুটিং থেকে শুরু করে রাজ কাপুরের এলাহি পার্টি - সবকিছুরই সাক্ষী এই প্রাঙ্গণ। কিন্তু, রাজ কাপুরের মৃত্যুর পর থেকেই জৌলুস হারাতে শুরু করে এই স্টুডিয়ো।
কপূর পরিবার ইতিমধ্যেই স্টুডিয়োর একটি বড় অংশ এক নামী নির্মাণ সংস্থার কাছে বিক্রি করে দিয়েছে। সেখানে স্টুডিয়ো ভেঙে তৈরি হবে বিলাসবহুল আবাসন! বাকি অংশটুকু নিয়েও অনুরাগীদের মনে যেটুকু ক্ষীণ আশা ছিল, করিনার মন্তব্যে তাতে আপাতত ইতি পড়ল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন