নয়াদিল্লি: স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশের পর দেশজুড়ে অবৈধ অনুপ্রবেশকারীদের শনাক্তকরণ প্রক্রিয়ায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ। সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী, গত নয় মাসে দিল্লি ও সংলগ্ন এলাকা থেকে মোট ১,৫৮৯ জন অবৈধভাবে বসবাসকারী বাংলাদেশিকে শনাক্ত করে তাঁদের নিজেদের দেশে ফেরত পাঠানো হয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মন্ত্রককে দেওয়া এক রিপোর্টে এই তথ্য জানিয়েছে দিল্লি পুলিশ।
২০২৪ সালের নভেম্বর মাসে স্বরাষ্ট্র মন্ত্রক অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের পরিচয়পত্র যাচাই এবং শনাক্তকরণের বিশেষ নির্দেশ জারি করেছিল। বিশেষত, ২০২৫ সালের ২২ এপ্রিল পহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর এই অভিযান আরও জোরদার করা হয়। পরিসংখ্যান বলছে, ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের মে মাসের মধ্যে ৭২০ জন অনুপ্রবেশকারীকে শনাক্ত করা হয়েছিল। পরবর্তীতে গত বছরের জুন মাস থেকে চলতি বছরের ফেব্রুয়ারি পর্যন্ত - গত নয় মাসে এই সংখ্যাটি বেড়ে দাঁড়িয়েছে ১,৫৮৯-এ। শুধুমাত্র গত এপ্রিল মাসেই ৫০০ জনকে ফেরত পাঠানো হয়েছে বাংলাদেশে। অন্যদিকে, এই সময়ের মধ্যে ৫৫ জন রোহিঙ্গাকেও চিহ্নিত করেছে দিল্লি পুলিশ।
দিল্লি পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, আটক করা ব্যক্তিদের প্রথমে ‘ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস’ (FRRO)-এর হাতে তুলে দেওয়া হয়। এরপর তাঁদের রেল ও সড়কপথে ভারতের পূর্ব প্রান্তের রাজ্যগুলিতে নিয়ে যাওয়া হয়। মূলত ত্রিপুরার আগরতলা-বাংলাদেশ সীমান্ত দিয়েই তাঁদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
তদন্তে জানা গিয়েছে, এই অনুপ্রবেশকারীদের একটি বড় অংশ দিল্লির সীমানা লাগোয়া হরিয়ানা এবং রাজস্থানের বিভিন্ন ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। গোয়েন্দা নজরদারি ও পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমেই তাঁদের হদিশ পাওয়া যায়।
বিষয় : India Bangladesh

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন