বাংলার নির্বাচনী রণকৌশল সাজাতে আজ, মঙ্গলবার দু’দিনের সফরে কলকাতায় পা রাখলেন বিজেপির কেন্দ্রীয় নেতা নিতিন নবীন। মঙ্গলবার সকাল থেকেই নিউটাউনের একটি বেসরকারি হোটেলে তাঁর একগুচ্ছ সাংগঠনিক বৈঠক শুরু হয়েছে। রাজ্য বিজেপির অন্দরে সমন্বয় বৃদ্ধি এবং প্রচারের ‘ন্যারেটিভ’ সেট করতেই মূলত তাঁর এই সফর বলে মনে করছে রাজনৈতিক মহল।
মঙ্গলবার সকাল ১১টা থেকেই নিতিন নবীনের ব্যস্ততা তুঙ্গে। দিনভর তিনি মোট চারটি গুরুত্বপূর্ণ অধিবেশনে যোগ দেবেন:
প্রথম দফা: কলকাতা মহানগর এবং হাওড়া-হুগলি-মেদিনীপুর জোনের শীর্ষ পদাধিকারীদের নিয়ে বৈঠক। এই বৈঠকে সংশ্লিষ্ট অঞ্চলের প্রার্থীরাও উপস্থিত রয়েছেন।
দ্বিতীয় দফা: বিজেপির ‘কল সেন্টার’ এবং আইটি (IT) কর্মীদের সঙ্গে বিশেষ আলোচনা। ডিজিটাল প্রচারের রূপরেখা তৈরিই এর মূল লক্ষ্য।
তৃতীয় দফা: সোশ্যাল মিডিয়া টিম এবং ‘ন্যারেটিভ’ বা ভাষ্য নির্মাণ বিভাগের সঙ্গে বৈঠক। বিরোধীদের মোকাবিলায় কোন পথে প্রচার চলবে, তা স্থির হবে এখানে।
চতুর্থ দফা: সন্ধ্যায় কলকাতায় উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী, কেন্দ্রীয় নেতৃত্ব এবং রাজ্য বিজেপির শীর্ষস্তরের নেতাদের সঙ্গে মেগা বৈঠকে বসবেন তিনি।
নিতিন নবীনের এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বুধবারও তাঁর একাধিক কর্মসূচি রয়েছে কলকাতায়। মূলত বুথ স্তর থেকে শুরু করে আইটি সেল পর্যন্ত সব বিভাগকে চাঙ্গা করতেই কেন্দ্রীয় নেতৃত্বের এই তৎপরতা। নীতিন নবীন নিজে বিহারে দলের অন্যতম কাণ্ডারি হওয়ায় তাঁর অভিজ্ঞতাকে বাংলায় কাজে লাগাতে চাইছে বিজেপি নেতৃত্ব। একদিকে যেমন প্রার্থীদের সঙ্গে কথা বলে স্থানীয় সমীকরণ বুঝছেন, তেমনই ডিজিটাল প্ল্যাটফর্মে দলের শক্তি বাড়াতে জোর দিচ্ছেন তিনি।
সব মিলিয়ে দু’দিনের এই ঝটিকা সফরে রাজ্য বিজেপির পালে কতটা হাওয়া লাগে, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন