মধ্যপ্রাচ্যের অস্থির যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট তৈরি হয়েছে, তা মোকাবিলায় বাংলাদেশের পাশে দাঁড়াচ্ছে ভারত।
মঙ্গলবার বিদেশ মন্ত্রক আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিদেশ প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, ভারত থেকে জ্বালানি তেল আমদানির বিষয়ে দিল্লির কাছ থেকে ইতিবাচক সাড়া বা ‘গ্রিন সিগন্যাল’ পেয়েছে ঢাকা। বিশ্ববাজারের এই কঠিন সময়ে ভারতের এই সিদ্ধান্ত বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে বড় ভূমিকা নেবে বলে মনে করা হচ্ছে।
জ্বালানি আমদানির পাশাপাশি ভারতের সঙ্গে অপরাধী ও রাজনৈতিক ব্যক্তিদের ফেরানো নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। বিদেশ প্রতিমন্ত্রী জানান, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ভারতে অবস্থানরত ব্যক্তিদের দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বিশদ কথা হয়েছে।
এছাড়াও, ভারতে গ্রেফতার হওয়া শরিফ ওসমান হাদি হত্যা মামলার দুই প্রধান আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য দ্রুত কনস্যুলার অ্যাক্সেস পাওয়ার আশা করছে সরকার। তাদের দেশে ফিরিয়ে এনে বিচারের আওতায় আনাই এখন প্রশাসনের অগ্রাধিকার।
অন্যদিকে, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতিতে প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়েও আশ্বস্ত করেছেন শামা ওবায়েদ। তিনি জানান, ইরানে থাকা দুই হাজারেরও বেশি বাংলাদেশি বর্তমানে সুরক্ষিত আছেন। তবে কেউ যদি বর্তমান পরিস্থিতিতে দেশে ফিরতে চান, তবে সরকার তাঁদের জন্য প্রয়োজনীয় সবরকম ব্যবস্থা গ্রহণ করবে। একইসঙ্গে ১৯৭১ সালের গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি আদায়ের লড়াইয়েও যে বাংলাদেশ পিছু হটবে না, সে কথাও স্পষ্ট করে দিয়েছেন প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন