নয়াদিল্লি: একদিকে চড়চড় করে বাড়ছে পারদ, অন্যদিকে ইরান-আমেরিকা যুদ্ধের জেরে ভারতের বাজারে অগ্নিমূল্য হতে চলেছে বিয়ার। আন্তর্জাতিক বিয়ার প্রস্তুতকারক সংস্থা হাইনেকেন (Heineken), এবি ইনবেভ (AB InBev) এবং কার্লসবার্গের (Carlsberg) মতো ব্র্যান্ডগুলি ইতিমধ্যেই ভারতের বাজারে সরবরাহে ঘাটতি এবং মূল্যবৃদ্ধির আগাম সতর্কতা জারি করেছে।
সমস্যাটি বিয়ারের স্বাদে নয়, বরং এর মোড়ক বা প্যাকেজিংয়ে। যুদ্ধের প্রভাবে আন্তর্জাতিক বাজারে প্রাকৃতিক গ্যাসের সরবরাহ ব্যাহত হওয়ায় কাঁচের বোতল তৈরির চুল্লিগুলি বন্ধ হয়ে গিয়েছে। ফলে বিয়ারের বোতলের দাম একধাক্কায় প্রায় ২০ শতাংশ বেড়ে গিয়েছে। শুধু তাই নয়, পণ্য পরিবহনে সমস্যার কারণে ক্যান তৈরির জন্য প্রয়োজনীয় অ্যালুমিনিয়াম আমদানিতেও টান পড়েছে। এছাড়া কাগজের কার্টন, লেবেল ও টেপের মতো উপকরণের দামও দ্বিগুণ হয়েছে।
‘ব্রুয়ার্স অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া’র প্রধান বিনোদ গিরি জানিয়েছেন, উৎপাদন খরচ এতটাই বেড়ে গিয়েছে যে বর্তমান দামে ব্যবসা চালানো অসম্ভব হয়ে পড়ছে। এই পরিস্থিতিতে বিয়ার প্রস্তুতকারক সংস্থাগুলি রাজ্য সরকারগুলির কাছে আর্জি জানিয়েছে যাতে বিয়ারের দাম ১২ শতাংশ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়ানোর অনুমতি দেওয়া হয়।
সামনেই ভরা গ্রীষ্ম, যখন দেশে বিয়ারের চাহিদা তুঙ্গে থাকে। কিন্তু যুদ্ধের আবহে প্যাকেজিং সংকটের জেরে বিয়ার যেমন অমিল হতে পারে, তেমনই পকেটে টান পড়তে পারে সাধারণ মানুষের।
বিষয় : Beer Price Hike In India

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন