মুম্বই: দীর্ঘদিনের ধসের গেরো কাটিয়ে অবশেষে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলল ভারতীয় শেয়ার বাজার। পশ্চিম এশিয়ায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণা করায় বুধবার দালাল স্ট্রিটে ফিরল ‘ষাঁড়’-এর দাপট। সেনসেক্স এবং নিফটি - দুই সূচকই এদিন বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়েছে। বিশেষজ্ঞদের মতে, ভূ-রাজনৈতিক অস্থিরতা কমলে আগামী দিনে বাজারের এই ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে।
গত ৪৮ ঘণ্টায় পশ্চিম এশিয়া নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইতিবাচক বার্তা বাজারকে অক্সিজেন দিয়েছে। সোমবার ট্রাম্প জানিয়েছিলেন, ইরানের সঙ্গে আলোচনা চলছে এবং সাময়িক যুদ্ধবিরতির সম্ভাবনা রয়েছে। এরপর মঙ্গলবার তিনি দাবি করেন, ইরান পরমাণু অস্ত্রের পথ ছাড়ার ইঙ্গিত দিয়েছে এবং ট্রাম্প প্রশাসনকে ‘বহুমূল্য উপহার’ পাঠিয়েছে। ট্রাম্পের দেওয়া ১৫ দফা শান্তি প্রস্তাবের খবর চাউর হতেই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম কমতে শুরু করে। যার সরাসরি প্রভাব পড়ে ভারতীয় বাজারে।
বুধবার সকালে বাজার খোলার পর সেনসেক্স প্রায় ১৫০০ পয়েন্ট পর্যন্ত বাড়লেও, দিনের শেষে কিছুটা সংশোধন দেখা যায়।
সেনসেক্স: ১০৯৬.১১ পয়েন্ট (১.৪৮%) বেড়ে থিতু হয়েছে ৭৫,১৬৪.৫৬-তে।
নিফটি: ৩৯৪.০৫ পয়েন্ট (১.৭২%) বেড়ে পৌঁছেছে ২৩,৩০৬.৪৫-এর ঘরে।
ব্যাঙ্ক নিফটি: ব্যাঙ্ক খাতের শেয়ারেও ছিল জোয়ার। ১০৫৬.৩৫ পয়েন্ট (২.০১%) বেড়ে ৫৩,৬৬২.০০-তে দাঁড়িয়েছে এই সূচক।
এদিন বিনিয়োগকারীদের পকেট ভরিয়েছে শ্রীরাম ফিন্যান্স (+৫.৮০%), কল্যাণ জুয়েলার্স (+৫.৪২%) এবং বাজাজ ফিন্যান্স-এর মতো শেয়ারগুলি। এছাড়া, হিন্দুস্থান জিঙ্ক ও শ্রী সিমেন্টও ভালো ফল করেছে। তবে, বাজারের এই ভরা জোয়ারেও পতন দেখা গিয়েছে টেক মহিন্দ্রা (-১.৬৯%), পাওয়ার গ্রিড এবং টিসিএস-এর মতো হেভিওয়েট শেয়ারে।
বাজার চাঙ্গা হলেও বিশেষজ্ঞদের একাংশ কিন্তু বিনিয়োগকারীদের ‘ধীরে চলো’ নীতি নেওয়ার পরামর্শ দিচ্ছেন। কারণ, ট্রাম্প আলোচনার প্রস্তাব দিলেও তেহরান এখনও তাতে চূড়ান্ত সায় দেয়নি। উপরন্তু, ইরান যদি ট্রাম্পের শর্ত প্রত্যাখ্যান করে, তাহলে বাজার আবারও অস্থির হতে পারে। তাই বড় অঙ্কের বিনিয়োগের আগে ভূ-রাজনৈতিক পরিস্থিতির দিকে নজর রাখা জরুরি বলে মনে করছে ওয়াকিবহাল মহল।
বিষয় : Dalal Street Nifty Update today

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন