২০২৬-এর বিধানসভা নির্বাচনে বাংলার অন্যতম ‘হটস্পট’ যে নন্দীগ্রাম হতে চলেছে, তা বুধবার আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবার পশ্চিম মেদিনীপুরে সভা সেরে বিকেলে নন্দীগ্রামে পা রেখেই দলের কর্মীদের কড়া দাওয়াই দিলেন তিনি। একদিকে যেমন ২০২১-এর ‘অন্তর্ঘাত’ নিয়ে সরব হলেন, তেমনই শুভেন্দু অধিকারীকে বিঁধতে ‘ভূমিপুত্র’ তাস চাললেন অভিষেক।
এবারের নির্বাচনে নন্দীগ্রামে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তৃণমূল দাঁড় করিয়েছে সদ্য দলবদল করে দলে আসা ভূমিপুত্র পবিত্র করকে। প্রার্থীর নাম হাতিয়ার করেই অভিষেক এদিন বলেন, “এবারের লড়াই নন্দীগ্রামকে অপবিত্র থেকে পবিত্র করার লড়াই।” তিনি অভিযোগ করেন, বর্তমান বিধায়ককে এলাকায় দেখাই যায় না। চ্যালেঞ্জ ছুড়ে অভিষেক প্রশ্ন তোলেন, “এই এলাকার ক’জনের বাড়িতে রিপোর্ট কার্ড নিয়ে গিয়েছেন বিধায়ক? উনি নিজের কাজের হিসাব দিন।”
২০২১ সালের বিধানসভা নির্বাচনে (নন্দীগ্রাম আসনে) মমতা বন্দ্যোপাধ্যায়ের হারের নেপথ্যে দলেরই একাংশের ‘অন্তর্ঘাত’ কাজ করেছিল বলে বারবার অভিযোগ উঠেছে। এদিন সেই ক্ষততেই প্রলেপ দেওয়ার চেষ্টা করেন অভিষেক। কর্মীদের উদ্দেশে তাঁর বার্তা, “আপনাদের ছেলেমেয়েরা যদি রাজনীতি করে, তবে ভাবুন তো কেমন লাগবে যখন আপনার নামের পাশে ‘গদ্দার’ শব্দটা যুক্ত হবে?” রাজনৈতিক মহলের মতে, দলের ভিতর থাকা বিভীষণদের সতর্ক করতেই এই চরম শব্দ প্রয়োগ করেছেন তিনি।
ডায়মন্ড হারবার মডেলের ধাঁচে নন্দীগ্রামেও স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন অভিষেক। তিনি জানান, পবিত্র কর জিতলে নন্দীগ্রামের প্রতিটি গ্রাম পঞ্চায়েতে প্রতি বছর ‘সেবাশ্রয়’ মেডিক্যাল ক্যাম্প করা হবে। কয়েক মাস আগে নন্দীগ্রামে আয়োজিত এই স্বাস্থ্য শিবিরে মানুষের ভিড় দেখে উৎসাহিত তৃণমূল শিবির এবার একেই নির্বাচনী বৈতরণী পার হওয়ার অন্যতম অস্ত্র করতে চাইছে।
২০২১ ও গত লোকসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূলের ফলাফল আশানুরূপ ছিল না। সেই খরা কাটাতেই এবার সরাসরি শুভেন্দুর গড়ে দাঁড়িয়ে চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। ওয়াকিবহাল মহলের মতে, ভূমিপুত্র পবিত্র করকে সামনে রেখে তিনি আসলে নন্দীগ্রামের মানুষের আবেগ এবং পরিষেবার অভাব - এই দুই ইস্যুকেই উস্কে দিতে চেয়েছেন।
বিষয় : Abhisheik Banerjee NANDIGRAM

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন