কলকাতা: পশ্চিমবঙ্গে ভোটারতালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর প্রক্রিয়া নিয়ে নজিরবিহীন ডামাডোলের মাঝে বড়সড় পদক্ষেপ করল নির্বাচন কমিশন। এখন থেকে প্রতি শুক্রবারের অপেক্ষায় না থেকে, প্রতিদিনই ‘অতিরিক্ত ভোটারতালিকা’ বা সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের অনুমতি চাইল কমিশন। এই মর্মে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির কাছে চিঠি পাঠিয়ে আবেদন জানানো হয়েছে বলে সূত্রের খবর।
গত সোমবার প্রায় মধ্যরাতে প্রথম সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের পর থেকেই একের পর এক বিপত্তি দানা বেঁধেছে। কখনও ওয়েবসাইট ডাউন, তো কখনও তথ্য ডাউনলোডে সমস্যা - ভোটারদের ভোগান্তি চরমে ওঠে। এর উপর মঙ্গলবার রাতে কমিশনের সাইটে এক অদ্ভূত ‘যান্ত্রিক ত্রুটি’ দেখা যায়। নিজের এপিক নম্বর দিয়ে সার্চ করলেই বৈধ ভোটারদের নামের পাশেও দেখাচ্ছিল ‘নির্বাচক বিবেচনাধীন’ বা ‘Under Adjudication’। এই বিভ্রান্তি কাটাতে এবং স্বচ্ছতা বজায় রাখতেই কমিশন চাইছে প্রতিদিন অল্প অল্প করে নামের নিষ্পত্তি করে তালিকা প্রকাশ করতে। অন্তত কমিশনের দাবি তেমনটাই।
কমিশন সূত্রে খবর, প্রধান বিচারপতিকে দেওয়া চিঠিতে জানানো হয়েছে, প্রতি শুক্রবার করে তালিকা প্রকাশের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে। যা ভোটারদের মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে। সেক্ষেত্রে প্রতিদিন তালিকা প্রকাশ করলে সার্ভারের উপর চাপ কমবে এবং সাধারণ মানুষও দ্রুত নিজের স্ট্যাটাস জানতে পারবে। এমনকী, সোমবারের তালিকায় ঠিক কতজনের নাম বাদ পড়েছে, তা নিয়ে তৈরি হওয়া ধোঁয়াশা কাটাতেও এই নিয়মিত আপডেট সাহায্য করবে বলে দাবি কমিশনের।
সংশ্লিষ্ট ওয়েবসাইট বিভ্রাট নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতি তোলপাড়। উত্তরবঙ্গের সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে সুর চড়িয়েছেন। তাঁর অভিযোগ, পরিকল্পিতভাবে মানুষের ভোটাধিকার নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তৃণমূলের দাবি, পুরো বাংলাকে ‘বিবেচনাধীন’ দেখিয়ে ভোটারদের ভয় পাইয়ে দেওয়ার চেষ্টা চলছে। মনে করা হচ্ছে, এই সাঁড়াশি চাপের মুখেই হাইকোর্টের আইনি রক্ষাকবচ ও অনুমতি চাইছে কমিশন।
তবে, কমিশন চিঠি পাঠালেও কলকাতা হাইকোর্টের পক্ষ থেকে এখনও পর্যন্ত এই বিষয়ে কোনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। যদি আদালত অনুমতি দেয়, তাহলে আগামী কয়েকদিন প্রতি রাতেই নতুন-নতুন নামের তালিকা কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হবে। সেক্ষেত্রে ভোটারদের প্রতিদিন নজর রাখতে হবে সিইও ওয়েস্ট বেঙ্গলের পোর্টালে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন