কলকাতা: বৃহস্পতিবার মাঝ-আকাশে কালবৈশাখীর কবলে পড়ে প্রায় দেড় ঘণ্টার উৎকণ্ঠা। সেই রুদ্ধশ্বাস অভিজ্ঞতার পর আর ঝুঁকি নিতে নারাজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারের আকাশপথে অন্ডাল যাওয়ার পূর্বনির্ধারিত কর্মসূচি বাতিল করে এবার সড়কপথেই দুর্গাপুরের উদ্দেশে রওনা দিচ্ছেন তিনি। নবান্ন সূত্রে খবর, আবহাওয়া এবং নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার নির্বাচনী প্রচার সেরে অন্ডাল থেকে ফেরার পথে কলকাতা বিমানবন্দরের আকাশে দুর্যোগের মুখে পড়ে মুখ্যমন্ত্রীর ছোট প্রাইভেট জেটটি। ৪টে নাগাদ নামার কথা থাকলেও ঝড়-বৃষ্টির কারণে এটিসি অবতরণের অনুমতি দেয়নি। মাঝ-আকাশে প্রায় দেড় ঘণ্টা চক্কর কাটে বিমানটি। কখনও উচ্চতা বেড়েছে, কখনও কমেছে। জ্বালানি নিয়ে তৈরি হয়েছিল চরম উদ্বেগ। শেষ পর্যন্ত ৫টা ১৯ মিনিটে নিরাপদ অবতরণ করলেও সেই দেড় ঘণ্টার টানটান উত্তেজনা রাজ্য রাজনীতিতে চাঞ্চল্য ছড়িয়েছে।
আজ শুক্রবার দুপুরের পর সড়কপথে দুর্গাপুরের উদ্দেশে রওনা দেবেন মুখ্যমন্ত্রী। আজ তাঁর কোনও জনসভা নেই, দুর্গাপুরেই রাত্রিবাস করবেন তিনি। দীর্ঘ ধকলের পর আজ বিশ্রামে থাকলেও শনিবার থেকেই ফের পুরোদমে প্রচারে নামছেন তৃণমূল নেত্রী। পশ্চিম বর্ধমানের রানিগঞ্জ এবং পুরুলিয়ার রঘুনাথপুর ও কাশীপুরে তিনটি হাইভোল্টেজ জনসভা করবেন তিনি।
ঝুঁকিপূর্ণ আকাশপথ এড়িয়ে সড়কপথেই আপাতত নিজের সফর জারি রাখছেন তৃণমূল সুপ্রিমো। পরিস্থিতি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে নবান্ন সূত্রে জানা গেছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন