ওয়াশিংটন: মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামার মাঝেই নাটকীয় মোড়। ইরানের বিদ্যুৎকেন্দ্রগুলিতে আগামী ১০ দিন কোনো হামলা চালাবে না আমেরিকা। শুক্রবার নিজেই সমাজমাধ্যমে এই ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের দাবি, তেহরানের বিশেষ অনুরোধ মেনেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। যদিও ইরানের পক্ষ থেকে মার্কিন প্রেসিডেন্টের এই দাবি কার্যত উড়িয়ে দেওয়া হয়েছে।
ভারতীয় সময় অনুযায়ী শুক্রবার রাত ১টা ৪১ মিনিটে একটি পোস্টে ট্রাম্প লেখেন, “ইরান সরকারের অনুরোধ মেনে আমি ওদের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করার কাজ ১০ দিনের জন্য বন্ধ রাখছি।” ট্রাম্পের এই ঘোষণা অনুযায়ী, আমেরিকার স্থানীয় সময় ৬ এপ্রিল রাত ৮টা পর্যন্ত ইরানের বিদ্যুৎ পরিকাঠামোয় কোনো আঘাত হানবে না মার্কিন বাহিনী। ট্রাম্প আরও দাবি করেছেন যে, দু'দেশের মধ্যে আলোচনা অত্যন্ত সদর্থকভাবে এগোচ্ছে। তবে মার্কিন সংবাদমাধ্যম 'ওয়াল স্ট্রিট জার্নাল'-এর দাবি, তেহরান এমন কোনো অনুরোধ করার কথা সরাসরি অস্বীকার করেছে।
উল্লেখ্য, গত ২২ মার্চ ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছিলেন যে, ৪৮ ঘণ্টার মধ্যে ইরান হরমুজ প্রণালী খুলে না দিলে তাদের বিদ্যুৎকেন্দ্রগুলি গুঁড়িয়ে দেওয়া হবে। এরপর ২৩ মার্চ সেই সিদ্ধান্ত থেকে সরে এসে ৫ দিনের বিরতি ঘোষণা করেছিলেন তিনি। শুক্রবারের ঘোষণার পর সেই সময়সীমা আরও বাড়ল। তবে আমেরিকা স্পষ্ট করে দিয়েছে, বিদ্যুৎকেন্দ্র ছাড়া ইরানের অন্যান্য সামরিক লক্ষ্যবস্তুতে অভিযান অব্যাহত থাকবে।
যুদ্ধ থামাতে পাকিস্তানকে মধ্যস্থতাকারী করে ইরানকে ১৫ দফা প্রস্তাব পাঠিয়েছে ওয়াশিংটন। পাল্টায় ৫ দফা প্রস্তাব দিয়েছে ইরানও। তবে ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে কোনো আপস করতে নারাজ তেহরান। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি সাফ জানিয়েছেন, আমেরিকার সঙ্গে এখনই আলোচনার টেবিলে বসার সম্ভাবনা কম, বরং তাঁরা 'প্রতিরোধ' জারি রাখতেই বেশি আগ্রহী। আপাতত দুই দেশের এই কূটনৈতিক দড়ি টানাটানির মাঝে ১০ দিনের এই সাময়িক বিরতি যুদ্ধ থামানোর পথে কোনো দিশা দেখায় কি না, সেদিকেই তাকিয়ে বিশ্ব।
বিষয় : DONALD TRUMP IRAN

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন