নয়াদিল্লি: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে দেশে কি তবে ফের লকডাউন (এনার্জি-লকডাউন) হতে চলেছে? জ্বালানি সঙ্কটের আশঙ্কায় সাধারণ মানুষের মনে গত কয়েকদিন ধরে দানা বেঁধেছে এই আতঙ্ক। তবে, সেই জল্পনায় জল ঢেলে কেন্দ্রীয় পেট্রলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী সাফ জানিয়ে দিলেন, লকডাউনের খবর সম্পূর্ণ ভুয়ো। কেন্দ্র এই মুহূর্তে কঠোর কোনও বিধিনিষেধ আরোপ বা লকডাউনের পথে হাঁটার কথা ভাবছেই না।
শুক্রবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি উচ্চপর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে। মধ্যপ্রাচ্যের অস্থিরতা এবং দেশের জ্বালানি নিরাপত্তা নিয়েই এই বৈঠক। আর, এই বৈঠককে ঘিরেই সমাজমাধ্যমে রটে যায়, জ্বালানি বাঁচাতে দেশজুড়ে ফের লকডাউন জারি করা হতে পারে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে কেন্দ্রীয় মন্ত্রী পুরী জানান, "লকডাউন কার্যকর হবে বলে বিভিন্ন জায়গায় গুজব ছড়ানো হচ্ছে। এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। আমি পরিষ্কার জানাতে চাই, ভারত সরকার এমন কোনও পদক্ষেপের কথা ভাবছে না। বিশ্বজুড়ে অস্থিরতা থাকলেও ভারত তা মোকাবিলা করতে সক্ষম।"
জ্বালানি সঙ্কট নিয়ে বাজারে আতঙ্ক ছড়ালেও কেন্দ্রের দাবি, পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। পেট্রলিয়াম মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, দেশে বর্তমানে পরবর্তী ৬০ দিনের জন্য প্রয়োজনীয় জ্বালানি মজুত রয়েছে। হরমুজ প্রণালী বন্ধ থাকার আশঙ্কায় ভারত হাত গুটিয়ে বসে নেই। আমেরিকা, রাশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে বিকল্প পথে অপরিশোধিত তেল আমদানি করা হচ্ছে। পেট্রল পাম্পগুলিতে পর্যাপ্ত সরবরাহ রয়েছে এবং গৃহস্থালির এলপিজি সিলিন্ডার নিয়ে উদ্বেগের কোনও কারণ নেই।
যুদ্ধের আঁচ ভারতে পড়ার আগেই দেশীয় শোধনাগারগুলিতে পর্যাপ্ত জ্বালানি মজুত রাখার প্রক্রিয়া শুরু হয়েছিল। সময়োচিত এই পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বের প্রশংসা করেন হরদীপ সিং পুরী। তিনি দেশবাসীকে আশ্বস্ত করে জানান, সাধারণ মানুষের যাতে কোনও সমস্যা না হয়, তার জন্য সরকার সবরকম ব্যবস্থা গ্রহণ করছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন