কলকাতা: নির্বাচনী প্রচারের ব্যস্ততা শুরুর মাঝেই ভয়াবহ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার বিকেলে অন্ডাল থেকে কলকাতা ফেরার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে প্রায় দেড় ঘণ্টা মাঝ আকাশে চক্কর কাটে তাঁর বিশেষ বিমান। শুক্রবার দুপুরে দমদম বিমানবন্দর থেকে পুনরায় অন্ডাল যাওয়ার আগে সেই আতঙ্কিত মুহূর্তের কথা স্মরণ করে ওই বিমানের পাইলটের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট জানান, "পাইলট খুব ভালো ছিল, জীবন বাঁচিয়েছে।"
বৃহস্পতিবার বেলা ৩টে ৩৯ মিনিটে অন্ডাল বিমানবন্দর থেকে কলকাতার উদ্দেশে রওনা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সূচি অনুযায়ী ৩টে ৫৫ মিনিটে তাঁর দমদমে নামার কথা ছিল। কিন্তু, বিমানটি যখন কলকাতার আকাশে পৌঁছয়, তখনই শুরু হয় প্রবল ঝড় ও শিলাবৃষ্টি। দুর্যোগ এতটাই চরমে ওঠে যে রানওয়েতে নামা অসম্ভব হয়ে পড়ে। ফলস্বরূপ, উত্তাল আবহাওয়ার মধ্যে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট আকাশেই চক্কর কাটতে থাকে মুখ্যমন্ত্রীর বিমান। শেষ পর্যন্ত বিকেল ৫টা ১৮ মিনিটে নিরাপদভাবে অবতরণ করে সেটি।
বৃহস্পতিবারের এই তিক্ত অভিজ্ঞতার পর শুক্রবার সকাল থেকেই মুখ্যমন্ত্রীর অন্ডাল সফর নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছিল। আবহাওয়া দফতরের পূর্বাভাস দেখে নবান্ন প্রথমে ঠিক করেছিল মুখ্যমন্ত্রী সড়কপথে দুর্গাপুর যাবেন। কিন্তু, বিকেলে আবহাওয়ার কিছুটা উন্নতি হওয়ায় শেষ মুহূর্তে সিদ্ধান্ত বদল করা হয়। জানানো হয়, সড়কপথ নয়, বিশেষ বিমানেই অন্ডাল যাবেন তিনি। শুক্রবার রাতে তাঁর দুর্গাপুরে থাকার কথা রয়েছে।
এদিন বিমানে ওঠার আগে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, দুর্যোগের সময় পাইলট অত্যন্ত ধৈর্য্যের সঙ্গে পরিস্থিতি সামাল দিয়েছেন। মাঝ-আকাশে অতক্ষণ আটকে থাকা সত্ত্বেও পাইলটের কুশলী হাতের ছোঁয়ায় বড়সড় বিপদ এড়ানো সম্ভব হয়েছে। মুখ্যমন্ত্রীর এই শংসাপত্র কার্যত ওই পাইলটের পেশাদারিত্বকেই সিলমোহর দিল।
বিষয় : Mamata Banerjee

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন