নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় ইরান ও আমেরিকার মধ্যে ঘনীভূত হওয়া যুদ্ধ পরিস্থিতির আঁচ এসে পড়েছে ভারতের জ্বালানি বাজারে। আন্তর্জাতিকস্তরে অপরিশোধিত তেলের দামের চরম অস্থিরতা সামাল দিতে এবার এক অভিনব পরিকল্পনার কথা ভাবছে মোদী সরকার। সাধারণ মানুষকে স্বস্তি দিতে এবং বাজারের ভারসাম্য বজায় রাখতে এবার থেকে প্রতি ১৫ দিন অন্তর পেট্রোল ও ডিজেলের মূল্য পর্যালোচনার পথে হাঁটতে পারে কেন্দ্র।
শুক্রবার মন্ত্রিগোষ্ঠীর একটি উচ্চপর্যায়ের বৈঠকের পর সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস (CBIC)-এর আধিকারিক বিবেক চতুর্বেদী এই ইঙ্গিত দিয়েছেন। তিনি জানান, বিশ্ববাজারে তেলের দাম যেভাবে ওঠানামা করছে, তাতে সাধারণ ক্রেতাদের উপর যাতে এককালীন বিশাল বোঝা না চাপে, সেই কারণেই এই ১৫ দিনের রিভিউ সিস্টেম চালু করার কথা ভাবা হচ্ছে। এর ফলে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে দেশের খুচরো বাজারে তেলের দাম বাড়ানো বা কমানো সহজ হবে।
সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রতি ১৫ দিন অন্তর মূল্য নির্ধারণের ক্ষেত্রে মূলত তিনটি বিষয়কে গুরুত্ব দেওয়া হবে। যথা - প্রথমত, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম। দ্বিতীয়ত, দেশের অভ্যন্তরীণ জ্বালানি চাহিদা। এবং তৃতীয়ত, আমদানির উপর ধার্য শুল্ক। তেল কোম্পানিগুলির আর্থিক অবস্থা এবং দেশের রাজস্ব ভাণ্ডারের মধ্যে ভারসাম্য রক্ষা করাই এই পদক্ষেপের মূল উদ্দেশ্য বলে দাবি করা হচ্ছে।
আন্তর্জাতিক বাজারে তেলের ব্যারেল প্রতি দাম ১০০ ডলার ছাড়িয়ে গেলেও ভারতে তার প্রভাব যথাসম্ভব ঠেকিয়ে রাখার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যেই পেট্রল ও ডিজেলের উপর শুল্ক ১০ টাকা পর্যন্ত কমিয়ে দেওয়া হয়েছে। যার ফলে সরকারের প্রায় ৭০০০ কোটি টাকা রাজস্ব ক্ষতি হবে। বর্তমানে পেট্রলের উপর আবগারি শুল্ক ১৩ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করা হয়েছে এবং ডিজেলের ক্ষেত্রে এই শুল্ক নামিয়ে আনা হয়েছে শূন্যে।
ইতিমধ্যেই দেশে রান্নার গ্যাসের (LPG) দাম বাড়ানো হয়েছে। সেই আবহে পেট্রল ও ডিজেলের দাম যাতে সাধারণ মানুষের নাগালের বাইরে না চলে যায়, তার জন্যই এই ‘১৫ দিনের রিভিউ’ মডেলটিকে রক্ষাকবচ হিসাবে ব্যবহার করতে চাইছে কেন্দ্র। খুব শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত বিজ্ঞপ্তি জারি হতে পারে বলে মনে করা হচ্ছে।
বিষয় : Petrol Price

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন