নয়াদিল্লি: ১৯৭১ সালে তদানীন্তন পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি বাহিনীর চালানো বর্বরোচিত গণহত্যার কথা বিশ্ববাসী জানলেও, পাকিস্তান আজও সেই দায় অস্বীকার করে চলেছে! বৃহস্পতিবার ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে এই বিষয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়েছে। একইসঙ্গে জানানো হয়েছে, ১৯৭১-এর সেই ভয়াবহ নৃশংসতার ন্যায়বিচারের জন্য বাংলাদেশের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষা, ভারত তার প্রতি পূর্ণ সমর্থন জানায়।
বৃহস্পতিবার বিদেশ মন্ত্রকের নিয়মিত সাপ্তাহিক ব্রিফিংয়ে মুখপাত্র রণধীর জয়সওয়াল ১৯৭১ সালের ‘অপারেশন সার্চলাইট’-এর স্মৃতি স্মরণ করিয়ে দেন। তিনি বলেন, “১৯৭১ সালে পাকিস্তান যে পরিকল্পিতভাবে লক্ষ-লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছিল এবং মহিলাদের উপর ব্যাপক আকারে যৌন নির্যাতন চালিয়েছিল, সেই সম্পর্কে আমরা সবাই অবগত। সেই বর্বরতা বিশ্ববাসীর বিবেক নাড়িয়ে দিয়েছিল।”
রণধীর জয়সওয়াল অত্যন্ত পরিতাপের সঙ্গে উল্লেখ করেন, পাঁচ দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও পাকিস্তান তাদের সেই ঐতিহাসিক অপরাধের কথা স্বীকার করতে নারাজ। ভারতের মতে, পাক বাহিনীর সেই ভয়াবহ অত্যাচারের কারণেই লক্ষ-লক্ষ মানুষ শরণার্থী হিসাবে ভারতে আশ্রয় নিতে বাধ্য হয়েছিল। যা দক্ষিণ এশিয়ার ইতিহাসে এক গভীর ক্ষত সৃষ্টি করেছিল।
ন্যায়বিচারের দাবিতে বাংলাদেশের পাশে দাঁড়িয়ে জয়সওয়াল স্পষ্ট জানান, “পাকিস্তান আজও তাদের অপরাধ অস্বীকার করে চলেছে। কিন্তু, আমরা ন্যায়বিচারের জন্য বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষাকে পূর্ণ সমর্থন করি। সেই গণহত্যার বিচার হওয়া জরুরি।”
২৬শে মার্চ বাংলাদেশের স্বাধীনতা দিবস ও জাতীয় দিবসের আবহে ভারতের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা। দক্ষিণ এশিয়ায় শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার লক্ষ্যে ভারতের এই অবস্থান পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দিল বলেই মনে করা হচ্ছে।
বিষয় : India Pakistan Bangladesh

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন