কলকাতা: পশ্চিমবঙ্গের হাইভোল্টেজ বিধানসভা নির্বাচনের ঠিক আগে ভোটারতালিকা নিয়ে বড়সড় আপডেট সামনে এল। শুক্রবার রাতে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করে কমিশন জানিয়েছে, রাজ্যে ‘বিচারাধীন’ থাকা প্রায় ৬০ লক্ষ ভোটারের নথিপত্র খতিয়ে দেখার কাজ যুদ্ধকালীন তৎপরতায় চলছে। এর মধ্যে ২২ লক্ষ ভোটারের নাম ইতিমধ্যেই কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে আপলোড করা হয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি আংশিক চূড়ান্ত ভোটারতালিকা প্রকাশের সময় রাজ্যে মোট ৬০ লক্ষ ৬ হাজার ৬৭৫ জন ভোটারের নাম ‘বিবেচনাধীন’ বা ‘পেন্ডিং’ ছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে কলকাতা হাইকোর্ট নিযুক্ত জুডিশিয়াল অফিসাররা এই বিশাল সংখ্যক ভোটারের নথি যাচাইয়ের কাজ করছেন। কমিশন সূত্রে খবর, এখনও পর্যন্ত ৩৭ লক্ষ ‘বিচারাধীন’ নথির নিষ্পত্তি হয়েছে। যদিও তার মধ্যে মাত্র ২২ লক্ষ নাম ওয়েবসাইটে আপলোড করা হয়েছে (গত সোমবার ১০ লক্ষ এবং শুক্রবার আরও ১২ লক্ষ)। উদ্বেগের বিষয় হল, এই ২২ লক্ষের মধ্যে প্রায় ৩৪ শতাংশ ভোটারের নামই বাতিলের তালিকায় রয়েছে!
রাজ্যে আগামী ২৩ এবং ২৯ এপ্রিল দুই দফায় ভোটগ্রহণ করা হবে। প্রথম দফার জন্য প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার শেষ তারিখ ৬ এপ্রিল এবং দ্বিতীয় দফার জন্য ৯ এপ্রিল। নিয়ম অনুযায়ী, ৬ এপ্রিলের আগেই চূড়ান্ত ভোটারতালিকা ‘ফ্রিজ’ করতে হবে কমিশনকে। তার আগে হাতে মাত্র কয়েকটি দিন সময় থাকলেও এখনও কয়েক লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে থাকায় বড়সড় সংশয় তৈরি হয়েছে।
উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার রাতেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সুজয় পালের কাছে একটি চিঠি পাঠিয়েছে তৃণমূল কংগ্রেস। শাসকদলের দাবি, অনেক প্রার্থীর নামও এখনও ‘বিবেচনাধীন’ তালিকায় রয়েছে, যা অত্যন্ত উদ্বেগজনক। এই মামলাগুলি দ্রুত নিষ্পত্তি করার পাশাপাশি ট্রাইব্যুনাল নিয়ে সাধারণ মানুষের মধ্যে তৈরি হওয়া বিভ্রান্তি দূর করার জন্যও প্রধান বিচারপতির কাছে আবেদন জানানো হয়েছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন