রাণাঘাট: নির্বাচনের মুখে উত্তপ্ত নদিয়ার রাণাঘাট। প্রশিক্ষণ চলাকালীন এক ভোটকর্মী তথা শিক্ষককে মারধরের ঘটনায় শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ করল প্রশাসন। শনিবার রাণাঘাট থানার পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুই সরকারি কর্মীকে গ্রেফতার করেছে। ধৃতদের নাম নিজামউদ্দিন সর্দার ও মানস বন্দ্যোপাধ্যায়।
শুক্রবার রাণাঘাটের দেবনাথ ইনস্টিটিউশন ফর বয়েজ স্কুলে ভোটকর্মীদের প্রশিক্ষণ চলছিল। অভিযোগ, প্রশিক্ষণ চলাকালীন হঠাৎই প্রজেক্টারে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি-সহ একটি সরকারি বিজ্ঞাপন প্রদর্শিত হয়। আদর্শ আচরণবিধি (Model Code of Conduct) চালু থাকা অবস্থায় এটি নির্বাচনী বিধিভঙ্গ বলে সরব হন উপস্থিত ভোটকর্মী সৈকত চট্টোপাধ্যায়।
সৈকত চট্টোপাধ্যায় ওই বিজ্ঞাপনের বিরোধিতা করলে বিডিও অফিসের কয়েকজন কর্মীর সঙ্গে তাঁর কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, সেই সময় বিডিও অফিসের কর্মীরা তাঁর উপর চড়াও হন এবং তাঁকে ব্যাপক মারধর করেন। ঘটনায় রক্তাক্ত হন ওই শিক্ষক তথা ভোটকর্মী। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় জেলা প্রশাসনের অন্দরে।
ঘটনার গুরুত্ব বুঝে দ্রুত তদন্তে নামে রাণাঘাট থানার পুলিশ। গ্রেফতার করা হয় হাঁসখালি বিডিও অফিসের পঞ্চায়েত দফতরের কর্মী নিজামউদ্দিন সর্দার এবং ব্লক অফিসের ওসি ইলেকশন (OC Election) পদে কর্মরত মানস বন্দ্যোপাধ্যায়কে। আজই তাঁদের রাণাঘাট আদালতে তোলা হবে।
অন্যদিকে, রাজ্য নির্বাচন কমিশন এই ঘটনার প্রেক্ষিতে জেলা নির্বাচন দফতরের কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে। যদিও, নির্বাচনের মুখে খোদ সরকারি কর্মীদের হাতে ভোটকর্মী নিগৃহীত হওয়ার ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন শিক্ষক মহলের একাংশ।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন