দিল্লি: আন্তর্জাতিক বাজারে ইরান-আমেরিকা সংঘাতের জেরে তৈরি হওয়া জ্বালানি সংকট সামাল দিতে এবার বড়সড় পদক্ষেপ নিল মোদী সরকার। রান্নার গ্যাসের (LPG) সম্ভাব্য আকাল ও দেশবাসীর দুশ্চিন্তা কমাতে কেরোসিন সরবরাহের নিয়মে নজিরবিহীন ছাড়ের ঘোষণা করল কেন্দ্র। রবিবার পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের তরফে একটি গেজেট নোটিফিকেশন জারি করে জানানো হয়েছে, এখন থেকে রেশনের পাশাপাশি পাড়ার পেট্রোল পাম্পেও মিলবে কেরোসিন। মূলত বিশ্বজুড়ে চলা অস্থিরতার প্রভাবে যাতে সাধারণ মানুষের হেঁশেল বন্ধ না হয়, তা নিশ্চিত করতেই সাময়িকভাবে পেট্রোলিয়াম সুরক্ষা ও লাইসেন্সিংয়ের কঠোর নিয়মে এই শিথিলতা আনা হয়েছে।
কেন্দ্রের নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৬০ দিন পর্যন্ত দেশের ২১টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি তাদের রিটেল আউটলেটের মাধ্যমে কেরোসিন বণ্টন করতে পারবে। সাধারণ মানুষের সুবিধার্থে নিয়ম এতটাই সহজ করা হয়েছে যে, কেরোসিন বিক্রির জন্য এজেন্ট বা ডিলারদের আলাদা কোনো লাইসেন্স (Form 18) নেওয়ার প্রয়োজন পড়বে না। এমনকি কেরোসিন বহনকারী ট্যাঙ্কার চলাচলের ক্ষেত্রেও অতিরিক্ত আইনি কড়াকড়ি থাকছে না। তবে সুরক্ষার খাতিরে প্রতিটি রিটেল স্টেশনে সর্বাধিক ২৫০০ লিটার কেরোসিন মজুত রাখার অনুমতি দেওয়া হয়েছে এবং প্রতি জেলায় সর্বোচ্চ দুটি পাম্প এই বিশেষ সুযোগ পাবে।
পেট্রোলিয়াম অ্যাক্ট ১৯৩৪ ও ২০০২-এর অধীনে এই বিশেষ ক্ষমতা প্রয়োগ করে কেন্দ্র সাফ জানিয়ে দিয়েছে, আমদানিকৃত এই জ্বালানি শুধুমাত্র রান্না এবং আলো জ্বালানোর কাজেই ব্যবহার করা যাবে। বিশ্ব বাজারের অস্থিতিশীল পরিস্থিতির মাঝে কেন্দ্রের এই ঝটিকা সিদ্ধান্ত মধ্যবিত্তের নাভিশ্বাস ওঠা দশা থেকে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করা হচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন