বনগাঁ: সপ্তাহের প্রথম দিন, তার ওপর আবার অর্থবর্ষের শেষ দিন অর্থাৎ 'ইয়ার এন্ডিং'। অফিসের জরুরি কাজে যখন দ্রুত পৌঁছানো লক্ষ্য, ঠিক তখনই বনগাঁ-শিয়ালদহ শাখায় দেখা দিল বড়সড় যান্ত্রিক বিভ্রাট। সোমবার সকালে গোবরডাঙা স্টেশনে পয়েন্ট বিকল হয়ে যাওয়ায় আপ ও ডাউন— উভয় লাইনেই ট্রেন চলাচল কার্যত স্তব্ধ হয়ে পড়ে। এর জেরে সপ্তাহের শুরুতেই চরম ভোগান্তির শিকার হলেন কয়েক হাজার নিত্যযাত্রী।
রেল সূত্রে খবর, এদিন সকাল থেকেই ঠাকুরনগর, চাঁদপাড়া-সহ একাধিক স্টেশনে সার সার ট্রেন দাঁড়িয়ে পড়ে। ৮টা ৩২-এর বনগাঁ লোকাল এক ঘণ্টারও বেশি সময় ধরে ঠাকুরনগর স্টেশনে আটকে থাকায় ক্ষোভ উগরে দেন যাত্রীরা। শিয়ালদহ থেকে বনগাঁগামী ট্রেনগুলিও বিভিন্ন স্টেশনে থমকে যায় অথবা বেশ দেরিতে ছাড়ে। অনেক যাত্রীই নিরুপায় হয়ে ট্রেন থেকে নেমে বাসে করে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করেন।
অফিসযাত্রী প্রসেনজিৎ বিশ্বাস নিজের অভিজ্ঞতার কথা জানিয়ে বলেন, "৯টা ৫-এর বনগাঁ লোকাল নিয়ে চাঁদপাড়ায় দাঁড়িয়ে আছি। শুনছি আগের গাড়িগুলো গোবরডাঙায় আটকে। আজ ইয়ার এন্ডিংয়ের শেষ দিন, অফিসে পৌঁছানো খুব জরুরি। কিন্তু ট্রেন কখন ছাড়বে তার কোনো নিশ্চয়তা নেই।"
শেষ পাওয়া খবর অনুযায়ী, বর্তমানে অত্যন্ত ধীর গতিতে ট্রেন চলাচল শুরু হলেও পরিস্থিতি স্বাভাবিক হতে বেশ কিছুটা সময় লাগবে। ফলে সোমবার দিনভর বনগাঁ শাখায় ট্রেনের সময়সূচি বিপর্যস্ত থাকার আশঙ্কা করা হচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন