কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে গোটা টলিপাড়া তথা তাঁর নিজের এলাকা বিজয়গড় যখন স্তব্ধ, ঠিক তখনই সেখানে রাজনৈতিক প্রচারকে কেন্দ্র করে চরম উত্তেজনা ছড়াল। সোমবার সকালে টালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী প্রচার সারতে রাহুলের আবাসন ‘অনন্যা অ্যাপার্টমেন্ট’-এর সামনে পৌঁছোলে স্থানীয় বাসিন্দাদের তীব্র ক্ষোভের মুখে পড়েন তিনি। অভিযোগ, শোকাতুর পরিবেশের তোয়াক্কা না করেই সেখানে বিজেপি কর্মীরা স্লোগান দিতে শুরু করেন, যা ঘিরেই শুরু হয় এই বিশৃঙ্খলা।
এদিন সকালে দলীয় কর্মীদের নিয়ে ৬/৮৮ বিজয়গড় রোড এলাকায় প্রচারে বেরিয়েছিলেন পাপিয়া অধিকারী। স্থানীয়দের দাবি, প্রয়াত অভিনেতার বাড়ির সামনে দাঁড়িয়ে স্লোগান দেওয়া শুরু হতেই সাধারণ মানুষ প্রতিবাদ জানান। তাঁদের স্পষ্ট বক্তব্য, “এটা প্রচার করার জায়গা নয়, স্লোগান দেওয়ারও সময় নয়।” এই নিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে স্থানীয়দের তুমুল বচসা ও হট্টগোল শুরু হয়। পরিস্থিতির গুরুত্ব বুঝে অনেকেই বিজেপি প্রার্থীকে ফিরে যাওয়ার অনুরোধ জানান।
রবিবার দিঘার তালসারিতে শুটিং চলাকালীন সমুদ্রে ডুবে মৃত্যু হয় রাহুলের। সহ-অভিনেত্রীকে বাঁচাতে গিয়েই এই মর্মান্তিক পরিণতি বলে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে। প্রিয় অভিনেতার এমন বিদায় মেনে নিতে পারছেন না তাঁর প্রতিবেশী ও অনুরাগীরা। সেই আবেগঘন মুহূর্তেই রাজনৈতিক প্রচার ঘিরে এই অশান্তি বিজয়গড় মোড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন