কলকাতা: বঙ্গ রাজনীতির সবথেকে হাই-ভোল্টেজ লড়াই এবার ভবানীপুরে! নন্দীগ্রাম কেন্দ্রের জন্য মনোনয়ন পেশের পালা শেষ। এরপর তিনি মনোনয়ন পেশ করবেন কলকাতার ভবানীপুর কেন্দ্রের জন্য। শোনা যাচ্ছে, সেই প্রক্রিয়ায় তাঁর হাত শক্ত করতে দিল্লি থেকে উড়ে আসছেন খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সব ঠিক থাকলে শুভেন্দুর এই দ্বিতীয় দফার মনোনয়ন পেশ পর্বে উপস্থিত থেকে মেগা চমক দিতে পারেন তিনি।
বিজেপি সূত্রে খবর, ভবানীপুর কেন্দ্রে শুভেন্দু অধিকারীর মনোনয়ন পেশের আগে হাজরা মোড়ে একটি বিশাল জনসভা করতে পারেন অমিত শাহ। সেখান থেকে প্রায় এক কিলোমিটার দীর্ঘ রোড শো করে সার্ভে বিল্ডিংয়ের দিকে এগোবেন তাঁরা। এরপর শেষ ২০০ মিটার রাস্তা হেঁটে গিয়ে মনোনয়ন জমা দেবেন শুভেন্দু। এই কর্মসূচি কেন্দ্র করে ইতিমধ্যেই পদ্ম শিবিরে সাজো সাজো রব।
রাজনৈতিক মহলের মতে, ভবানীপুরে শুভেন্দুর লড়াই এবং তাতে অমিত শাহের সরাসরি উপস্থিতি একাধিক বড় বার্তা দিতে চলেছে। যেমন - শুভেন্দুর উপর কেন্দ্রীয় নেতৃত্বের যে অগাধ ভরসা তা এই পদক্ষেপের মাধ্যমে প্রমাণ করা হবে। অন্যদিকে, দীর্ঘদিনের চলে আসা তৃণমূল-বিজেপি আঁতাঁত বা 'সেটিং' তত্ত্বকে বুড়ো আঙুল দেখিয়ে বিজেপি বোঝাতে চাইছে তারা বাংলার এই লড়াইয়ে কতটা সিরিয়াস।
সূত্রের খবর, শুভেন্দু নিজেই কেন্দ্রীয় নেতৃত্বকে বুঝিয়েছিলেন যে ভবানীপুরে খোদ মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ জানালে দলের ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে। কেন্দ্রীয় নেতারাও মনে করছেন, ঝাড়খণ্ডের মতো ইডি-সিবিআই দিয়ে নয়, বরং ভোটের লড়াইয়ে সরাসরি রাজনৈতিক যুদ্ধেই মানুষের মন জয় করা শ্রেয়।
এই প্রেক্ষাপটে আগামী দিনে এই 'মেগা শো' কলকাতার রাজনীতিতে নতুন কোনও সমীকরণ তৈরি করে কি না, এখন সেটাই দেখার।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন