বাগদাদ: ইরান যুদ্ধের আবহে মধ্যপ্রাচ্যে আরও ঘনীভূত হচ্ছে আশঙ্কার মেঘ। এবার ইরাকের রাজধানী বাগদাদের রাজপথ থেকে অপহৃত হলেন প্রথিতযশা মার্কিন সাংবাদিক শেলি কিটলসন। মঙ্গলবার সন্ধ্যায় বাগদাদের অত্যন্ত ব্যস্ত আল-সদৌন সড়ক থেকে একদল সশস্ত্র দুষ্কৃতী তাঁকে তুলে নিয়ে যায়। এই ঘটনার একটি সিসিটিভি ফুটেজ ইতিমধ্য়েই প্রকাশ্যে এসেছে। যা দেখে শিউরে উঠছে আন্তর্জাতিক মহল। প্রাথমিক তদন্তে এই অপহরণের নেপথ্যে ইরানের মদতপুষ্ট সশস্ত্র সংগঠন হেজবোল্লার হাত থাকার জোরালো সম্ভাবনা দেখা যাচ্ছে বলে দাবি।
জানা গিয়েছে, দীর্ঘ বছর ধরে মধ্যপ্রাচ্যের জটিল ভূ-রাজনীতি নিয়ে কাজ করছেন শেলি কিটলসন। ইরান যুদ্ধের প্রভাবে ইরাকের বর্তমান পরিস্থিতি ঠিক কী, তা নিয়ে প্রতিবেদন তৈরির জন্যই তিনি বাগদাদে এসেছিলেন। মঙ্গলবার সন্ধ্যায় নিজের হোটেলের সামনেই অতর্কিত হামলার শিকার হন তিনি। কয়েক সেকেন্ডের একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, একদল দুষ্কৃতী জোর করে তাঁকে টেনে হিঁচড়ে একটি গাড়িতে তুলল এবং মুহূর্তের মধ্যে চম্পট দিল!
ঘটনার খবর পাওয়ামাত্রই ইরাকি পুলিশ দুষ্কৃতীদের গাড়িটি তাড়া করে। পুলিশের তাড়া খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুষ্কৃতীদের একটি গাড়ি উলটে যায়। সেই গাড়ি থেকে এক সন্দেহভাজন যুবককে গ্রেফতার করা হয়েছে। ইরাক প্রশাসনের দাবি, ধৃত যুবকের সঙ্গে স্থানীয় ইরানপন্থী মিলিশিয়া গোষ্ঠী হেজবোল্লার সরাসরি যোগসূত্র রয়েছে। তবে, ওই যুবক জালে ধরা দিলেও শেলির বর্তমান অবস্থান সম্পর্কে এখনও কোনও তথ্য পাওয়া যায়নি।
প্রসঙ্গত, শেলি কিটলসন একজন অভিজ্ঞ এবং স্বাধীন মার্কিন সাংবাদিক। বিবিসি, অল মনিটর, পলিটিকো এবং ফরেন পলিসির মতো বিশ্ববিখ্যাত সংবাদমাধ্যমে তাঁর প্রতিবেদন নিয়মিত প্রকাশিত হয়। বিশেষ করে আইএসআইএস-এর বিরুদ্ধে যুদ্ধের সময় তাঁর নির্ভীক সাংবাদিকতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছিল। ইরাকে ইরানপন্থী মিলিশিয়াদের ভূমিকা নিয়েও তিনি অতীতে একাধিকবার কলম ধরেছিলেন। যা হয়তো তাঁর উপর এই আক্রোশের কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে।
ইরাকে সাংবাদিকদের অপহরণের ঘটনা নতুন নয়। এর আগে ২০২৩ সালে রুশ-ইজরায়েলি গবেষক এলিজাবেথ সুরকভকেও একইভাবে বাগদাদের একটি ক্যাফে থেকে অপহরণ করা হয়েছিল। কাতাইব হেজবুল্লার কবজায় দীর্ঘ ৯০৩ দিন বন্দি থাকার পর তিনি মুক্তি পান। শেলির ক্ষেত্রেও কি একই পরিণতির আশঙ্কা করা হচ্ছে? প্রশ্ন উঠছেই। মার্কিন প্রশাসন এবং ইরাকি গোয়েন্দারা আপাতত হন্যে হয়ে খুঁজছেন শেলি কিটলসনকে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন