কলকাতা: রাজ্যের আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য কংগ্রেসের প্রার্থীতালিকা ঘোষিত হতেই রণক্ষেত্র দলের প্রদেশ সদর দফতর - কলকাতার বিধান ভবন। বুধবার দুপুরে কার্যত লঙ্কাকাণ্ড ঘটে যায় এন্টালির এই দলীয় কার্যালয়ে। প্রার্থী নির্বাচন নিয়ে অসন্তোষ এতটাই চরমে পৌঁছয় যে - কংগ্রেসের দুই গোষ্ঠীর মধ্যে রীতিমতো হাতাহাতি ও রক্তারক্তি কাণ্ড ঘটে যায়। সূত্রের দাবি, এই ঘটনায় রডের ঘায়ে মাথা ফেটেছে এক কংগ্রেস কর্মীর। এমনকী, শ্লীলতাহানির শিকার হন দলের মহিলা কর্মীরাও। পুলিশের সামনেই চলতে থাকে নজিরবিহীন ধস্তাধস্তি।
গন্ডগোলের মূলে রয়েছে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্র। এবার এই আসনে প্রয়াত নেতা সোমেন মিত্রের ছেলে রোহন মিত্রকে টিকিট দিয়েছে হাতশিবির। আর তাতেই ক্ষোভে ফেটে পড়েছেন এই আসনের দীর্ঘদিনের দাবিদার জাহিদ হোসেনের অনুগামীরা। তাঁদের অভিযোগ, ভূমিপুত্রকে বাদ দিয়ে 'বহিরাগত' প্রার্থী চাপিয়ে দেওয়া হচ্ছে। বুধবার এই ইস্যুতেই বিক্ষোভ দেখাতে এসে আক্রান্ত হন জাহিদ অনুগামীরা। অভিযোগের তির যুব কংগ্রেস নেতা কাশিফ রেজার দিকে। অভিযোগ, তাঁর অনুগামীরাই রড নিয়ে চড়াও হয় বিক্ষোভকারীদের উপর।
বিধান ভবনের অন্দরে পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে আক্রান্ত কর্মীদের উদ্ধার করতে গিয়ে নাজেহাল হতে হয় পুলিশকে। বিক্ষোভ চলাকালীন ধস্তাধস্তিতে এক মহিলা কর্মী অজ্ঞানও হয়ে যান। এরপর এই ঘটনার বিচার চেয়ে এবং হামলাকারীদের গ্রেফতারের দাবিতে দীর্ঘক্ষণ বিধান ভবনের সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখান রক্তাক্ত কংগ্রেস কর্মীরা।
শুধু কলকাতা নয়, প্রার্থী অসন্তোষের আঁচ ছড়িয়েছে জেলাগুলিতেও। ২৮৪টি আসনে প্রার্থী ঘোষণা করার পর থেকেই আমতা, বাগনান, শ্যামপুর ও উলুবেড়িয়ায় গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। আমতার বর্ষীয়ান নেতা অসিত মিত্রও প্রকাশ্যে ক্ষোভ উগড়ে দিয়েছেন।
পূর্ব বর্ধমান: মন্তেশ্বর ও বর্ধমান দক্ষিণের প্রার্থী নিয়ে অসন্তোষে জেলা কার্যালয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে গেটে নতুন তালা ঝুলিয়ে দেন ক্ষুব্ধ কর্মীরা।
ফালাকাটা: এখানেও 'বহিরাগত' প্রার্থী বদলের দাবিতে দলীয় কার্যালয়ে ভাঙচুর চালানো হয়েছে।
ওয়াকিবহাল মহলের মতে, নিজেদের ঘর সামলাতে না পেরে কংগ্রেস নেতৃত্ব এখন রীতিমতো কোণঠাসা। এই প্রবল কোন্দল ইভিএমে কী প্রভাব ফেলবে, তা নিয়েই চিন্তায় হাইকম্যান্ড।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০১ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন