মালদহ: একদিকে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার ক্ষোভ, অন্যদিকে প্রশাসনিক স্তরে চরম বিশৃঙ্খলা— সব মিলিয়ে ভোটের মুখে কার্যত আগ্নেয়গিরির ওপর দাঁড়িয়ে রয়েছে মালদহ। বুধবার সারাদিন কালিয়াচকে তাণ্ডব চালানোর পর বৃহস্পতিবার সকাল থেকে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে পুরাতন মালদহ ব্লকের মঙ্গলবাড়ি এলাকায়। ১২ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে, বাঁশের ব্যারিকেড করে পুনরায় শুরু হয়েছে পথ অবরোধ।
বুধবার কালিয়াচক ২ ব্লকের বিডিও অফিসে ভোটার তালিকা সংক্রান্ত কাজ করতে গিয়ে চরম বিপাকে পড়েন সাত জন বিচারবিভাগীয় আধিকারিক। যাদের মধ্যে তিন জন মহিলাও ছিলেন। বিকেল ৪টে থেকে রাত সাড়ে ১১টা পর্যন্ত তাঁদের ঘেরাও করে রাখে কয়েক হাজার উত্তেজিত জনতা। বিক্ষোভকারীদের দাবি একটাই— "বৈধ নথি থাকা সত্ত্বেও কেন ভোটার তালিকা থেকে নাম বাদ গেল? আগে নাম তুলতে হবে, তারপর ভোট হবে।" শেষ পর্যন্ত বিশাল পুলিশ বাহিনী গিয়ে মধ্যরাতে তাঁদের উদ্ধার করে।
অভিযোগ উঠেছে, পুলিশ যখন বিচারবিভাগীয় আধিকারিকদের উদ্ধার করে নিয়ে যাচ্ছিল, তখন তাঁদের গাড়ি আটকানোর চেষ্টা করে বিক্ষোভকারীরা। গাড়ির সামনে বাঁশ ফেলে পথ রুদ্ধ করার চেষ্টা হয়। এই ধস্তাধস্তির মাঝেই আলম শেখ (৩৭) নামে এক যুবক পুলিশের গাড়ির ধাক্কায় জখম হন বলে দাবি স্থানীয়দের। বর্তমানে তিনি মালদহ মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন। যদিও পুলিশের পক্ষ থেকে লাঠিচার্জ বা গাড়ি দিয়ে ধাক্কা মারার অভিযোগ অস্বীকার করা হয়েছে।
বুধবার রাত ২টো নাগাদ পরিস্থিতি সাময়িকভাবে নিয়ন্ত্রণে এলেও বৃহস্পতিবার সকালে ফের নতুন করে অবরোধ শুরু হওয়ায় ঘুম উড়েছে প্রশাসনের। এদিনই বৈষ্ণবনগরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা রয়েছে, আর তার আগেই পুরাতন মালদহে এই বিক্ষোভ নতুন করে আশঙ্কার মেঘ তৈরি করেছে। বর্তমানে সুজাপুর, জালালপুর ও মোথাবাড়ি এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা।
বিক্ষোভকারীদের দাবি, প্রশাসন তাঁদের কথা দিয়েছে আগামী চার দিনের মধ্যে ভোটার তালিকায় নাম তোলার ব্যবস্থা করা হবে। তবে আন্দোলনকারীরা সাফ জানিয়েছেন, এই সময়ের মধ্যে কাজ না হলে তাঁরা আরও বৃহত্তর আন্দোলনে নামবেন। বর্তমানে গোটা জেলায় এক চাপা উত্তেজনা বিরাজ করছে।
বিষয় : roadblock MUSHIDABAD

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন