গুজরাত: উৎসবের আনন্দ মুহূর্তেই বদলে গেল আতঙ্কে। হনুমান জয়ন্তী উপলক্ষে স্কুলে পরিবেশিত খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ল শতাধিক পড়ুয়া। ঘটনাটি ঘটেছে গুজরাতের ভাবনগর জেলার একটি প্রাথমিক বিদ্যালয়ে। ইতিমধ্যেই বহু পড়ুয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, হনুমান জয়ন্তী উপলক্ষে লংড়ি প্রাথমিক বিদ্যালয়ে বিশেষ আয়োজন করা হয়েছিল। পড়ুয়াদের জন্য সকালের খাবারে রাখা হয়েছিল পাওভাজি ও পোলাও। এই খাবারের আয়োজন করেছিল স্থানীয় মহাবীর সমাজ।
কিন্তু খাবার খাওয়ার কিছুক্ষণের মধ্যেই একের পর এক পড়ুয়ার পেটে তীব্র যন্ত্রণা শুরু হয়। সঙ্গে দেখা দেয় বমি-বমি ভাব, অনেকেই বমিও করে। মুহূর্তে স্কুলজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
পরিস্থিতি সামাল দিতে দ্রুত পদক্ষেপ নেয় স্কুল কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসন। প্রায় ২৫ জন অসুস্থ পড়ুয়াকে তড়িঘড়ি মহুয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বাকিদের মধ্যে প্রায় ৬০ জনকে গ্রামেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। এছাড়াও কয়েকজনকে কাছাকাছি বেসরকারি ক্লিনিকেও নিয়ে যাওয়া হয়।
হাসপাতাল সূত্রে খবর, একসঙ্গে এতজন পড়ুয়া অসুস্থ হয়ে পড়লেও অধিকাংশের অবস্থাই এখন স্থিতিশীল। চিকিৎসার পর অনেককেই ছেড়ে দেওয়া হয়েছে, তবে কয়েকজনকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অল্প সময়ের মধ্যে এত সংখ্যক পড়ুয়ার অসুস্থ হয়ে পড়া পরিস্থিতিকে জটিল করে তুলেছিল। কিছুক্ষণের জন্য স্কুলে বিশৃঙ্খলাও তৈরি হয়।
ঘটনার তদন্তে নেমেছে স্বাস্থ্য দফতর। ইতিমধ্যেই খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেগুলি পরীক্ষাগারে পাঠানো হচ্ছে, যাতে বিষক্রিয়ার প্রকৃত কারণ জানা যায়।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রিপোর্ট হাতে এলেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বিষয় : India GujaratNews Student Food

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন