কলকাতা: ভোটের লড়াইয়ে মালদহ জেলা বরাবরই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তবে ২০২৬-এর নির্বাচনে এই জেলার মাটি কামড়ে পড়ে থাকতে চাইছে ঘাসফুল শিবির। বিশেষ করে সাম্প্রতিক সময়ে SIR-এর নাম বাদ পড়াকে কেন্দ্র করে মোথাবাড়ি, কালিয়াচক বা সুজাপুরে যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে, তা মোকাবিলা করতেই এবার সরাসরি ময়দানে নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বহিরাগত উসকানি আর অশান্তির মেঘ কাটিয়ে সাধারণ মানুষ ও দলীয় কর্মীদের মনে সাহস জোগাতেই শনিবার মালদহে হাইভোল্টেজ প্রচার সারবেন তিনি।
শনিবারের এই মেগা সফরের শুরুতেই মমতা বন্দ্যোপাধ্যায় মানিকচক, রতুয়া-মালতীপুর এবং গাজোলে তিনটি বড় জনসভা করবেন। তবে দিনের প্রধান আকর্ষণ হতে চলেছে বিকেল ৩টেয় ইংরেজবাজারের সেই মেগা রোড শো! রবীন্দ্রমূর্তি থেকে শুরু হয়ে ফোয়ারা মোড়, নেতাজি মোড়, ফুলবাড়ি ও পাকুড়তলা হয়ে মিছিলটি শেষ হবে কবি সুকান্ত মোড়ে। মূলত ইংরেজবাজারের প্রার্থী আশিস কুণ্ডুর সমর্থনে এই পদযাত্রা আয়োজিত হলেও, এর নেপথ্যে রয়েছে জেলাজুড়ে হারানো আত্মবিশ্বাস ফিরিয়ে আনার বড় লক্ষ্য।
রাজনৈতিক মহলের মতে, উত্তাল মালদহে পুলিশ আক্রান্ত হওয়ার মতো ঘটনার পর খোদ নেত্রীর এই রোড শো কর্মীদের কাছে 'অক্সিজেন'-এর মতো কাজ করবে। মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে এত বড় মিছিলের সিদ্ধান্ত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে দিলেন, বিরোধীদের কোনো উসকানি বা অশান্তির কাছে মাথা নত করবে না শাসকদল। উন্নয়নের বার্তা আর শান্তির আবহে ভোট করাই এখন তৃণমূলের পাখির চোখ।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন