নয়াদিল্লি: বৈশ্বিক অস্থিরতার আবহে জ্বালানি সরবরাহ নিয়ে যখন উদ্বেগ বাড়ছে, তখন ভারতের জন্য স্বস্তির খবর। আরও একটি বৃহৎ LPG-বাহী ট্যাঙ্কার হরমুজ প্রণালী অতিক্রম করে ভারতের উদ্দেশে রওনা হয়েছে। সব কিছু ঠিক থাকলে আগামী ৬ এপ্রিলের মধ্যে জাহাজটি মুম্বই বন্দরে পৌঁছবে বলে জানা গিয়েছে।
কেন্দ্রীয় সূত্রের খবর, ‘গ্রিন সানভি’ নামের এই জাহাজে প্রায় ৪৬ হাজার মেট্রিক টন LPG রয়েছে। শনিবার সকালেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী অতিক্রম করার কথা জাহাজটির। শিপিংয়ের ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, ইতিমধ্যেই প্রণালীর উত্তর অংশে পৌঁছে গিয়েছে ট্যাঙ্কারটি।
উল্লেখ্য, গত কয়েক দিনের মধ্যেই দু’টি LPG-বাহী জাহাজ সফলভাবে এই গুরুত্বপূর্ণ জলপথ পেরিয়ে ভারতে পৌঁছেছে। ‘জাগ বসন্ত’ কান্দলা বন্দরে প্রায় ৪৭,৬১২ মেট্রিক টন LPG সরবরাহ করেছে। অন্যদিকে ‘পাইন গ্যাস’ নিউ মেঙ্গালুরু বন্দরে পৌঁছে দিয়েছে প্রায় ৪৫ হাজার মেট্রিক টন গ্যাস।
এদিকে আরও দু’টি LPG-বাহী জাহাজ—‘গ্রিন আশা’ এবং ‘জাগ বিক্রম’—বর্তমানে হরমুজ প্রণালী দিয়ে যাতায়াতের জন্য ভারতীয় নৌবাহিনীর নির্দেশের অপেক্ষায় রয়েছে বলে জানা গিয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এই ধারাবাহিক জাহাজ আগমন ভারতের জ্বালানি সরবরাহ ব্যবস্থাকে স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আন্তর্জাতিক পরিস্থিতির অনিশ্চয়তার মধ্যেও সরবরাহ স্বাভাবিক রাখার চেষ্টা চালাচ্ছে কেন্দ্র।
বিষয় : India LPG Crisis

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন