কলকাতা: বঙ্গ ভোটের রণক্ষেত্রে নির্বাচন কমিশনের কোপে এবার খোদ লালবাজারের শীর্ষ কর্তারা। গত বৃহস্পতিবার ভবানীপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর রোড শো ঘিরে যে অশান্তি হয়েছিল, তার জেরেই এবার বড়সড় পদক্ষেপ করল কমিশন। দক্ষিণ কলকাতার ডেপুটি কমিশনার (ডিসি সাউথ ২) সিদ্ধার্থ দত্ত-সহ মোট চারজন পুলিশ আধিকারিককে সরাসরি সাসপেন্ড করার নির্দেশ দেওয়া হয়েছে তাদের তরফে।
গত বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার দিনে শুভেন্দু অধিকারী ও অমিত শাহের মেগা রোড শো যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাড়া অর্থাৎ কালীঘাটের দিকে এগোচ্ছিল, তখনই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। তৃণমূল ও বিজেপি কর্মীদের মধ্যে হাতাহাতি ও স্লোগান-পাল্টা স্লোগানে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। প্রশ্ন ওঠে, খোদ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এমন সংঘাতের সময় কেন পর্যাপ্ত নিরাপত্তা ছিল না? কেন পুলিশের অনুমতি ছাড়াই বিশাল জমায়েত হল? সূত্রের দাবি, এই গাফিলতির কারণেই কড়া পদক্ষেপ করেছে কমিশন।
নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী ৫ এপ্রিল সকাল ১১টার মধ্যে এই চার আধিকারিককে দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে। সেই তালিকায় রয়েছেন - সিদ্ধার্থ দত্ত (ডেপুটি কমিশনার, সাউথ ২), প্রিয়ঙ্কর চক্রবর্তী (ওসি, আলিপুর থানা), ৩. চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় (অতিরিক্ত ওসি, আলিপুর থানা) এবং সৌরভ চট্টোপাধ্যায় (সার্জেন্ট, আলিপুর)।
কমিশন শুধু সাসপেন্ড করেই ক্ষান্ত হয়নি। এই চার আধিকারিকের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে। উল্লেখ্য, শনিবার সকালেই লালবাজারের তরফে ডিসি সাউথ ২ সিদ্ধার্থ দত্ত এবং ডিসি রিজার্ভ ফোর্স মানস রায়কে শোকজ করা হয়েছিল। শাহ-শুভেন্দুর নিরাপত্তার মূল দায়িত্বে থাকা এই দুই কর্তার কাছে জবাবদিহি চেয়েছিল কলকাতা পুলিশ। কিন্তু, তার কয়েক ঘণ্টার মধ্যেই কমিশনের এই চূড়ান্ত নির্দেশে প্রশাসনিক মহলে শোরগোল পড়ে গিয়েছে।
মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী - হাইভোল্টেজ এই লড়াইয়ের কেন্দ্রে এখন ভবানীপুর। বৃহস্পতিবার শুভেন্দুর রোড শো চলাকালীন তৃণমূল কর্মীদের কালো পতাকা দেখানো ও দু’পক্ষের সংঘর্ষ প্রমাণ করে দিল যে ভোটের ময়দান কতটা তপ্ত! কমিশনের এই পদক্ষেপ আদতে পুলিশের নিরপেক্ষতা নিয়ে কড়া বার্তা বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন