কলকাতা ও মালদহ: নির্বাচনী প্রচারের আবহে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তায় বড়সড় গলদ! মালদহের সামসিতে মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে ড্রোন ওড়ানোর ঘটনায় এবার সামনে এল চাঞ্চল্যকর 'বিহার যোগ'। পুলিশ সূত্রে খবর, এই ঘটনায় ইতিমধেই বিহারের কাটিহার জেলার তিন যুবককে গ্রেফতার করা হয়েছে। হাই-প্রোফাইল নিরাপত্তার ঘেরাটোপে কীভাবে বিনা অনুমতিতে ড্রোন উড়ল, তা নিয়ে তোলপাড় শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।
পুলিশ সূত্রে খবর, ধৃত তিন যুবকের নাম - অঙ্কিত কুমার পাসওয়ান, শ্রীকান্ত মন্ডল এবং নূর আক্তার। এঁরা প্রত্যেকেই বিহারের বাসিন্দা। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, ধৃতরা ওই সভার আয়োজক সংস্থার সঙ্গেই যুক্ত ছিলেন। কিন্তু প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর মতো ভিভিআইপির নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকল জানা সত্ত্বেও কেন তাঁরা বিনা অনুমতিতে কপ্টারের এত কাছে ড্রোন ওড়ালেন? তাঁদের প্রকৃত উদ্দেশ্য কী ছিল, তা খতিয়ে দেখছে চাঁচল থানার পুলিশ।
শনিবার দুপুরে সামসির নির্বাচনী জনসভা শেষ করে গাজোলে যাওয়ার জন্য কপ্টারে উঠতে যাচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সেই মুহূর্তেই কপ্টারের খুব কাছে আকাশে একটি ড্রোন উড়তে দেখা যায়। এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী। তিনি দ্রুত বিষয়টি পুলিশকে খতিয়ে দেখার নির্দেশ দেন। মালদহ জেলা তৃণমূল সভাপতি আবদুর রহিম বক্সি জানান, "হেলিকপ্টারের গ্রাউন্ডে এভাবে ড্রোন ওড়ানো যায় না। যারা এটি করেছে, তারা প্রোটোকল জানে না। পুলিশ তদন্ত করে দেখুক এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কিনা।"
নিরাপত্তার এই টানাপড়েনের মাঝেও অবশ্য থেমে নেই তৃণমূলনেত্রীর প্রচার। ৬ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝোড়ো সফর করবেন তিনি। এর মাঝেই আগামী ৮ এপ্রিল প্রার্থী হিসাবে নিজের মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। মনোনয়ন জমা দিয়েই তিনি ফের নেমে পড়বেন নির্বাচনী ময়দানে। তবে, মালদহের এই ড্রোন বিতর্ক ভোটের মুখে তাঁর নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন