বিশ্বজুড়ে অস্থিরতা আর ইরান যুদ্ধের আবহে দেশীয় বাজারে জ্বালানি তেলের পাশাপাশি রান্নার গ্যাসের যোগান নিয়ে তৈরি হয়েছে দুশ্চিন্তা। এই সংকটকালীন পরিস্থিতিতেই সাধারণ মানুষের দুশ্চিন্তা কমাতে বড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। বিশেষত পরিযায়ী শ্রমিকদের কথা মাথায় রেখে ৫ কেজির ‘ফ্রি ট্রেড’ এলপিজি সিলিন্ডারের দৈনিক সরবরাহ এক ধাক্কায় দ্বিগুণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইতিমধ্যেই কেন্দ্র ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে চিঠি লিখে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে মোদী সরকার। মূলত গত ২ ও ৩ মার্চ যে পরিমাণ ছোট সিলিন্ডার সরবরাহ করা হয়েছিল, এখন থেকে প্রতিদিন তার দ্বিগুণ সংখ্যক সিলিন্ডার রাজ্যগুলিতে পাঠানো হবে।
স্থায়ী বাসস্থানের নথি না থাকায় পরিযায়ী শ্রমিকদের পক্ষে বড় সিলিন্ডারের সংযোগ নেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাঁদের সুবিধার্থেই শুধুমাত্র বৈধ পরিচয়পত্রের ভিত্তিতে এই ৫ কেজির সিলিন্ডার চালু করেছিল সরকার। তবে বর্তমান যুদ্ধের আবহে প্যানিক বুকিং আর কালোবাজারির জেরে এই ছোট সিলিন্ডারের যোগানেও টান পড়েছিল। কেন্দ্র জানিয়েছে, এই বাড়তি সিলিন্ডারগুলি নির্দিষ্টভাবে পরিযায়ী শ্রমিকদের মধ্যেই বন্টন করা হবে যাতে তাঁদের রুটিরুজিতে টান না পড়ে।
যদিও বিশ্বজুড়ে ভূ-রাজনৈতিক অস্থিরতা চলছে, তবুও এইচপিসিএল (HPCL)-এর মতো সংস্থাগুলি দাবি করেছে যে দেশে পেট্রোল, ডিজেল বা রান্নার গ্যাসের জোগানে কোনও ঘাটতি নেই। প্যানিক বুকিং রুখতে ইতিমধ্যেই সিলিন্ডার বুকিংয়ে কড়া শর্ত চাপিয়েছে সরকার। কেন্দ্রের এই নতুন সিদ্ধান্তের ফলে যেমন একদিকে কালোবাজারি রোখা সম্ভব হবে, তেমনই ভিন রাজ্যে কাজ করতে যাওয়া কয়েক লক্ষ শ্রমিকের রান্নার গ্যাসের সমস্যা অনেকটাই মিটবে বলে মনে করা হচ্ছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন