কলকাতা: বিধানসভা নির্বাচনের মুখে পশ্চিমবঙ্গে নির্বাচনী বুথগুলির পরিকাঠামো নিয়ে অসন্তোষ প্রকাশ করল নির্বাচন কমিশন। সেই প্রেক্ষিতেই রাজ্যের সমস্ত বুথ-পর্যবেক্ষকদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার।
কমিশন সূত্রে জানা গিয়েছে, রাজ্যের একাধিক বুথে এখনও পর্যাপ্ত পরিকাঠামোই গড়ে ওঠেনি! এই পরিস্থিতিতে কমিশন স্পষ্ট জানিয়েছে, বুথ সংক্রান্ত পরিকাঠামো তৈরি করা রাজ্যের দায়িত্ব। অভিযোগ, বারবার নির্দেশ দেওয়া সত্ত্বেও সেই কাজে প্রত্যাশিত অগ্রগতি হয়নি।
এই সমস্যার সমাধানে রাজ্যের প্রতিটি জেলায় সচিব পদমর্যাদার একজন করে আধিকারিক নিয়োগের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। তাঁদের দায়িত্ব হবে বুথ পরিকাঠামোর বাস্তব পরিস্থিতি খতিয়ে দেখা এবং দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।
এই আবহেই বুধবার রাজ্যের সব বুথ-পর্যবেক্ষকের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার। বৈঠকে পর্যবেক্ষকদের ভূমিকা, দায়িত্ব এবং ফিল্ডের কাজকর্ম নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।
কমিশন ইতিমধ্যেই জানিয়েছে, এবার পশ্চিমবঙ্গের প্রতিটি বিধানসভাকেন্দ্রে একজন করে সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করা হয়েছে। পাশাপাশি, আগের তুলনায় পুলিশ পর্যবেক্ষকের সংখ্যাও উল্লেখযোগ্য ভাবে বাড়ানো হয়েছে। আইনশৃঙ্খলা ও ভোট পরিচালনায় নজরদারি আরও জোরদার করতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
অন্যদিকে, ভোটারতালিকা নিয়েও বড় তথ্য সামনে এসেছে। কমিশনের প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, সংশোধন প্রক্রিয়ার পর রাজ্যে মোট ৯০ লক্ষেরও বেশি ভোটারের নাম তালিকা থেকে বাদ পড়েছে। এর মধ্যে নতুন করে যাচাই করা তালিকা থেকে বাদ পড়েছে ২৭ লক্ষেরও বেশি নাম।
সব মিলিয়ে, আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রশাসনিক প্রস্তুতি, পরিকাঠামো এবং নজরদারি - এই তিন ক্ষেত্রেই কমিশন কড়া অবস্থান নিচ্ছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন