কলকাতা: অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় কলকাতার স্টুডিয়োপাড়া। এই ঘটনার প্রতিবাদে এবং সুষ্ঠু তদন্তের দাবিতে টলিপাড়ায় যে অচলাবস্থা তৈরি হয়েছিল, তার জট অবশেষে কাটল। মঙ্গলবার বিকেলে প্রযোজক সংগঠন ও ইমপা-র (EIMPA) সঙ্গে দীর্ঘ বৈঠকের পর অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান, আপাতত অনির্দিষ্টকালের কর্মবিরতি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। তবে অভিযুক্ত প্রযোজনা সংস্থা 'ম্যাজিক মোমেন্টস'-এর ক্ষেত্রে অত্যন্ত কড়া অবস্থান নিয়েছেন শিল্পী ও কলাকুশলীরা।
বৈঠক শেষে সংবাদমাধ্যমকে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় স্পষ্ট জানান, "আমাদের লড়াই কারও একার বিরুদ্ধে নয়। রাহুল আমাদের পরিবারের ছেলে ছিল। ওর এই ভাবে চলে যাওয়া আমরা মেনে নিতে পারছি না। যতদিন না রাহুলের মৃত্যুর প্রকৃত কারণ সামনে আসছে এবং সঠিক তদন্ত হচ্ছে, ততদিন ম্যাজিক মোমেন্টস বা লীনা গঙ্গোপাধ্যায়ের প্রযোজনা সংস্থার সঙ্গে টলিপাড়ার কোনও শিল্পী এবং কলাকুশলী কাজ করবেন না।"
অভিনেতার মৃত্যুর নেপথ্যে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এখনও ধোঁয়াশা বজায় রয়েছে। টলিপাড়ার শিল্পী সংগঠনের দাবি, ওই প্রযোজনা সংস্থাকে জনসমক্ষে জবাবদিহি করতে হবে যে রাহুলের সঙ্গে আসলে কী ঘটেছিল। বিশেষ করে রাহুলের পরিবার ও প্রিয়াঙ্কাকে উত্তর দেওয়ার দায়বদ্ধতা এড়িয়ে যেতে পারে না সংশ্লিষ্ট সংস্থা।
উল্লেখ্য, গত ৭ এপ্রিল থেকে এই ইস্যুতেই টলিপাড়ায় অনির্দিষ্টকালের কর্মবিরতির ডাক দিয়েছিল আর্টিস্ট ফোরাম। এদিনের সিদ্ধান্তের পর বুধবার (আগামিকাল) স্টুডিয়োপাড়ায় কাজ শুরু হলেও 'ম্যাজিক মোমেন্টস'-এর উপর বয়কটের খাঁড়া ঝুলেই রইল। এখন দেখার, টলিপাড়ার এই কড়া অবস্থানের প্রেক্ষিতে অভিযুক্ত প্রযোজনা সংস্থার পক্ষ থেকে কোনও সাফাই বা প্রতিক্রিয়া আসে কিনা!

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন