কলকাতা: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই তিলোত্তমার রাজনৈতিক উত্তাপ বাড়ছে। সেই আবহেই উদ্ধার হয়েছে নগদ টাকা। আর, এবার কলকাতার রাজপথ থেকে উদ্ধার হল আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ। বুধবার দুপুরে স্ট্র্যান্ড রোড চত্বর থেকে অস্ত্র-সহ এক নাবালককে গ্রেফতার করে কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। উদ্ধার হওয়া মারণাস্ত্রের তালিকায় রয়েছে আধুনিক ‘সেভেনএমএম’ পিস্তলও!
এসটিএফ আধিকারিকদের কাছে আগে থেকেই খবর ছিল, বিহার থেকে অস্ত্রের একটি চালান (অ্য়াসাইনমেন্ট) শহরে ঢুকছে। সেই সূত্র ধরেই বুধবার দুপুরে স্ট্র্যান্ড রোডের একটি সুলভ শৌচালয়ের কাছে ওঁৎ পেতে থাকে পুলিশ। সেখানে সন্দেহভাজন এক কিশোরকে দেখতে পেয়ে তাকে আটক করেন আধিকারিকরা। ছেলেটিকে তল্লাশি করতেই চক্ষু চড়কগাছ পুলিশের।
১৭ বছর বয়সী ওই নাবালকের কাছ থেকে উদ্ধার হয়েছে - পাঁচটি আগ্নেয়াস্ত্র! যার মধ্যে তিনটি দেশি ও দুটি আধুনিক সেভেনমএম পিস্তল রয়েছে। এছাড়াও, উদ্ধার করা হয়েছে - চারটি ম্যাগাজিন এবং ৪০টি তাজা কার্তুজ। যার মধ্যে ১৮টি এইটএমএম এবং ২২টি ৭.৬৫এমএম-এর কার্তুজও রয়েছে!
ধৃত নাবালক বিহারের নালন্দা জেলার বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে এই অস্ত্রের উৎস সম্পর্কে কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি। তবে পুলিশের অনুমান, মুঙ্গের বা বিহারের কোনও অবৈধ কারখানা থেকেই এই অস্ত্রগুলি কলকাতায় নিয়ে আসা হয়েছিল। ভোটের মুখে কার হাতে এই মারণাস্ত্র তুলে দেওয়ার পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।
গত কয়েকদিন ধরেই কলকাতায় সক্রিয় পুলিশ। কয়েকদিন আগে টালিগঞ্জ থেকে লক্ষ-লক্ষ নগদ টাকা উদ্ধার করা হয়েছিল। মঙ্গলবারই নাকা তল্লাশিতে প্রায় ৫৭ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এবার আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা প্রমাণ করল, আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে অশুভ শক্তিগুলি সক্রিয় হয়ে উঠেছে। এর পরই শহরজুড়ে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে কোনও রাজনৈতিক দলের সম্পর্ক আছে কিনা, তাও তদন্ত করে দেখা হচ্ছে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন