আজ বৃহস্পতিবার সকাল ৭টা থেকে কড়া নিরাপত্তার ঘেরাটোপে শুরু হয়েছে অসম, কেরল এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ভাগ্য নির্ধারণের লড়াই। প্রথম দু’ঘণ্টার তথ্য অনুযায়ী, ভোটদানের হারে প্রতিবেশী রাজ্যগুলোকে সামান্য টেক্কা দিয়ে এগিয়ে রয়েছে অসম। উত্তর-পূর্বের এই রাজ্যে সকাল ৯টা পর্যন্ত ১৭.৮৭ শতাংশ ভোট পড়েছে, যেখানে কেরল ও পুদুচেরিতে ভোটদানের হার যথাক্রমে ১৬.২৩ শতাংশ এবং ১৭.৪১ শতাংশ।
কেরলের ১৪০টি আসনে লড়াই মূলত বামেদের এলডিএফ এবং কংগ্রেসের ইউডিএফের মধ্যে হলেও এবার বিজেপি সর্বশক্তি দিয়ে ময়দানে নেমেছে। জয়ের হ্যাটট্রিকের স্বপ্ন দেখছে বামেরা, অন্যদিকে দুর্নীতি ও সবরীমালা ইস্যুকে হাতিয়ার করে ১০ বছর পর ক্ষমতায় ফিরতে মরিয়া কংগ্রেস। অন্যদিকে, অসমের ১২৬টি আসনে লড়াই আরও হাড্ডাহাড্ডি।
অনুপ্রবেশ ইস্যুকে সামনে রেখে টানা তৃতীয়বার কুর্সি দখলের লড়াইয়ে নেমেছে বিজেপি, আর বেকারত্ব ও মূল্যবৃদ্ধিকে অস্ত্র করেছে বিরোধী শিবির। উল্লেখ্য, অসমে এবার ২২টি আসনে প্রার্থী দিয়ে লড়াইয়ের ময়দানে শামিল হয়েছে তৃণমূল কংগ্রেসও, পাশাপাশি আছে আপ এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চাও।
অন্যদিকে পুদুচেরির ৩০টি আসনে ডিএমকে-কংগ্রেস জোটের বিরুদ্ধে ক্ষমতা ধরে রাখার চ্যালেঞ্জ গেরুয়া শিবিরের। সুপারস্টার থালাপতি বিজয়ের দলের উপস্থিতি দক্ষিণ ভারতের এই কেন্দ্রশাসিত অঞ্চলের লড়াইয়ে যোগ করেছে এক অনন্য মাত্রা। আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত ইভিএমের মাধ্যমে ভোটাররা ঠিক করবেন আগামী পাঁচ বছর শাসনের রাশ কার হাতে থাকবে।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন