ওয়াশিংটন: মধ্যপ্রাচ্য়ের উত্তপ্ত পরিস্থিতির মাঝে অবশেষে শান্তির সলতে পাকানোর চেষ্টা? ইরান ও আমেরিকা-ইজরায়েলের মধ্যে চলা দুই সপ্তাহের সংঘর্ষবিরতির মধ্যেই আজ - শুক্রবার পাকিস্তানের মাটিতে মুখোমুখি বসতে চলেছেন ইরানি ও মার্কিন প্রতিনিধিরা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিতে ইতিমধ্যেই আমেরিকা থেকে রওনা দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভান্স। সঙ্গে রয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ মহলের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব জারেড কুশনার এবং স্টিভ উইটকফ।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ইরানের সঙ্গে আলোচনার জন্য জে ডি ভান্সকে পাঠানো প্রেসিডেন্ট ট্রাম্পের একটি সুকৌশলী চাল। কারণ, অতীতে ইরান যুদ্ধ নিয়ে ট্রাম্পের সঙ্গে সহমত ছিলেন না ভান্স। এমনকী, সামরিক অভিযানের যৌক্তিকতা নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। অন্যদিকে, ইরানের পক্ষে বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি এবং পার্লামেন্টের স্পিকার মহম্মদ বাঘের গালিবাফ বৈঠকে থাকতে পারেন বলে মনে করা হচ্ছে।
বৈঠকের আলোচ্যসূচিতে সবথেকে উপরে রয়েছে ইরানের ইউরেনিয়াম ভাণ্ডার। আমেরিকা চায় ইরান তাদের মজুত ইউরেনিয়াম সমর্পণ করুক। তবে, তেহরান এই প্রস্তাবে রাজি হবে কিনা, তা নিয়ে গভীর সংশয় রয়েছে। একইসঙ্গে, উত্তাপ বাড়িয়েছে হরমুজ প্রণালী। এদিন বৈঠকের ঠিক আগেই তেহরানকে কড়া বার্তা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তাঁর অভিযোগ, সংঘর্ষবিরতির শর্ত অনুযায়ী হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথা থাকলেও ইরান তা করেনি। ট্রাম্পের দাবি, তেহরান স্পষ্টতই চুক্তিভঙ্গ করেছে। অন্যদিকে ইরান জানিয়েছে, প্রতিদিন মাত্র ১৫টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। তাও আবার আইআরজিসি-র অনুমতি সাপেক্ষে। শোনা যাচ্ছে, এই পথে যাতায়াতকারী জাহাজগুলির থেকে মোটা টাকা শুল্ক আদায়ের পরিকল্পনাও করছে ইরান।
বৈঠকের গুরুত্ব ও সংবেদনশীলতা বিচার করে পাকিস্তানের নির্দিষ্ট শহরটিকে দুর্ভেদ্য দুর্গে পরিণত করা হয়েছে। পাক রেঞ্জার্স এবং সেনাবাহিনীর শীর্ষ আধিকারিকরা পুরো এলাকার নিরাপত্তার দায়িত্ব নিয়েছেন। এই বৈঠকের ফলাফলই ঠিক করে দেবে পশ্চিম এশিয়ায় শান্তি ফিরবে, নাকি ফের বেজে উঠবে যুদ্ধের দামামা।
বিষয় : Pakistan IRAN DonaldTrump Hormuz vance

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১০ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন