নিজস্ব প্রতিনিধি: ক্যালেন্ডারের পাতায় বৈশাখ আসার আগেই নিজের রুদ্ররূপ দেখাতে শুরু করেছে প্রকৃতি। আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী সাত দিন পার্বত্য এলাকা ছাড়া রাজ্যের আর কোথাও বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উল্টে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়বে গরম ও অস্বস্তি। আবহাওয়াবিদদের আশঙ্কা, আগামী কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে যেতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে ইতিমধ্যেই চরম দাবদাহের সতর্কতা জারি করা হয়েছে।
হাওয়ার অফিস জানিয়েছে, ১৩ এপ্রিল সোমবার থেকে ১৬ এপ্রিল বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া অত্যন্ত অস্বস্তিকর থাকবে। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামের মতো জেলাগুলিতে তাপপ্রবাহের সতর্কবার্তা দেওয়া হয়েছে। সোমবার ও মঙ্গলবার এই জেলাগুলিতে গরমের দাপট সবথেকে বেশি অনুভূত হতে পারে। বুধবার থেকে সেই তালিকায় যুক্ত হতে পারে পশ্চিম বর্ধমানও। পিছিয়ে নেই কলকাতাও; আজ রবিবার থেকেই মহানগরের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেকটা বাড়তে পারে। শুষ্ক আবহাওয়ার কারণে ঘাম ও অস্বস্তিতে নাজেহাল হতে হবে শহরবাসীকে।
অন্যদিকে, দক্ষিণ যখন দহনজ্বালায় পুড়ছে, তখন উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় সামান্য বৃষ্টির স্বস্তির খবর শুনিয়েছে হাওয়া অফিস। আজ রবিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং কালিম্পং—এই তিন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে উত্তরবঙ্গের মালদা বা দুই দিনাজপুরের মতো নিচের দিকের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই, বরং সেখানেও তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে বলে জানানো হয়েছে।
হিডেন স্টোরিজ নিউজ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন