মজুরি বৃদ্ধি এবং উন্নত কর্মপরিবেশের দাবিতে সোমবার সকাল থেকেই উত্তাল হয়ে উঠল নয়ডা। উত্তরপ্রদেশের এই শিল্পাঞ্চল কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে। একাধিক গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে বিক্ষোভকারী শ্রমিকদের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে কাঁদানে গ্যাসের সেল ফাটাতে হয়। পালটা পুলিশকে লক্ষ্য করে শুরু হয় তীব্র পাথরবৃষ্টি।
আন্দোলনের মূল সূত্রপাত হরিয়ানা সরকারের একটি সাম্প্রতিক সিদ্ধান্ত। হরিয়ানায় অদক্ষ শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রায় ৩৫ শতাংশ বৃদ্ধি পাওয়ায় উত্তরপ্রদেশের নয়ডার শ্রমিকদের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়। বিক্ষোভকারীদের দাবি, ‘একই কাজে ভিন্ন মজুরি’ এই বৈষম্য মানা হবে না। পাশাপাশি কারখানায় নিরাপত্তার অভাব এবং সাপ্তাহিক ছুটির অনিয়মিত হওয়া নিয়েও দীর্ঘদিন ধরে চাপা ক্ষোভ ছিল শ্রমিক মহলে।
পরিস্থিতি চরমে উঠলে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পুলিশ সূত্রে খবর, শ্রমিকদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও কাঁদানে গ্যাসের ব্যবহার করা হয়েছে। তবে শ্রমিকদের একাংশের দাবি, তাঁরা শান্তিপূর্ণ অবস্থান করছিলেন কিন্তু পরিস্থিতির সুযোগ নিয়ে কিছু বহিরাগত অশান্তি ছড়িয়েছে।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেন, "প্রতিটি শ্রমিকের সম্মানজনক বেতন ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করতে হবে।" তিনি শিল্প প্রতিষ্ঠানগুলিকে শ্রম আইন মেনে চলার নির্দেশ দেওয়ার পাশাপাশি সতর্ক করেছেন যে, পরিস্থিতির সুযোগ নিয়ে যাঁরা অশান্তি ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। আপাতত ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন