পিংলা: ভোটকুশলী সংস্থা আই-প্যাক-এর অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেলের গ্রেফতারির পরই এবার নতুন আশঙ্কার কথা শোনালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! সোমবার রাতে দিল্লির নাটকীয় গ্রেফতারির পর মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের পিংলার জনসভা থেকে বিজেপি এবং কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল সুপ্রিমো। তাঁর দাবি, শুধু আই-প্যাক কর্তারাই নন, এবার বিজেপির নিশানায় রয়েছেন তৃণমূলের বুথস্তরের এজেন্টরাও!
পিংলার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে দাবি করেন, কেন্দ্রীয় সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে তৃণমূলের বুথ এজেন্টদের গ্রেফতার করার জন্য! তাঁর অভিযোগ, ভোটকেন্দ্রে যাতে শাসকদলের কোনও প্রতিনিধি বসতে না পারেন, সেই লক্ষ্যেই এই 'নীল নকশা' তৈরি করা হয়েছে। মুখ্যমন্ত্রী বলেন, "ভোটের মুখে বেছে-বেছে আমাদের আসনগুলোকে টার্গেট করা হচ্ছে। আই-প্যাকের লোকজনকে ধরা হচ্ছে যাতে নির্বাচনী রণকৌশল ভেস্তে দেওয়া যায়। আর, এখন নজরে আমাদের বুথ এজেন্টরা।"
কয়লাপাচারকাণ্ডে সোমবার রাতেই ইডির হাতে গ্রেফতার হয়েছেন আই-প্যাকের অন্যতম ডিরেক্টর ভিনেশ চান্ডেল। এই ঘটনা কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। রাজনৈতিক মহলের মতে, আই-প্যাকের মতো সংস্থাকে চাপে ফেলে তৃণমূলের সাংগঠনিক ও নির্বাচনী ব্যবস্থাপনায় ফাটল ধরাতে চাইছে গেরুয়া শিবির। মমতার আজকের বক্তব্য সেই শঙ্কাকেই আরও উস্কে দিল।
তবে, কেবল আশঙ্কা প্রকাশ করেই থেমে থাকেননি তৃণমূল সুপ্রিমো। পাল্টা চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তিনি বলেন, "যত গ্রেফতারিই হোক না কেন, বাংলার মানুষ এবার দুরন্ত খেলা খেলবে। বিজেপিকে এই ভোটে পগারপার করিয়েই ছাড়ব।" কেন্দ্রীয় এজেন্সির এই সক্রিয়তাকে তিনি যে রাজনৈতিকভাবেই মোকাবিলা করবেন, তা এদিনের সভা থেকে স্পষ্ট করে দিয়েছেন মমতা।
ভোটের মাত্র ১০ দিন আগে মমতার এই 'এজেন্ট গ্রেফতারি'র আশঙ্কা নির্বাচন কমিশন এবং প্রশাসনের নিরপেক্ষতার উপর এক বড়সড় প্রশ্নচিহ্নও খাড়া করে দিল। এখন দেখার, এই রণকৌশল সাধারণ ভোটারদের মন জয়ে কতটা প্রভাব ফেলে।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন