আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি আছড়ে পড়ল বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহের অন্যতম প্রধান রুট হরমুজ প্রণালীতে। ইরানের উপর মার্কিন নিষেধাজ্ঞা এবং অবরোধকে কেন্দ্র করে এবার কার্যত মুখোমুখি বিশ্বের দুই মহাশক্তিধর রাষ্ট্র - আমেরিকা ও চিন! চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডোং জুন সরাসরি আমেরিকাকে হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, ইরান ও চিনের দ্বিপাক্ষিক সম্পর্কের মাঝে 'নাক গলালে' তার পরিণাম হবে ভয়াবহ!
সোমবার সন্ধ্যা থেকেই হরমুজ প্রণালী অবরুদ্ধ করার কাজ শুরু করেছে আমেরিকা। ওয়াশিংটনের সাফ কথা, ইরান থেকে কোনও জাহাজ বাইরে যাবে না এবং বাইরে থেকে কোনও জাহাজ ইরানে ঢুকতে পারবে না। আমেরিকার এই সিদ্ধান্ত চিনের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। কারণ, চিনের প্রয়োজনীয় অশোধিত তেলের ৪০ শতাংশ এবং এলএনজির ৩০ শতাংশ সরবরাহ আসে এই পথ দিয়েই। সেই সরবরাহব্যবস্থা সচল রাখতেই এবার রণংদেহি মেজাজে বেজিং।
চিনের প্রতিরক্ষামন্ত্রী অ্যাডমিরাল ডোং জুন বলেন, “ইরানের সঙ্গে আমাদের বাণিজ্য ও জ্বালানি নিয়ে দীর্ঘদিনের সম্পর্ক। আমরা আশা করি, আমাদের এই সম্পর্কে তৃতীয় কোনও পক্ষ হস্তক্ষেপ করবে না। হরমুজ প্রণালী চিনের জন্য খোলা থাকবেই।” বেজিংয়ের তরফে জানানো হয়েছে, পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত তারা চায় না। কিন্তু, তাদের জ্বালানি সরবরাহে বাধা পড়লে চিন হাত গুটিয়ে বসে থাকবে না!
আন্তর্জাতিক মহলের একাংশ মনে করছে, ইরানকে কোণঠাসা করার আড়ালে আদতে চিনকেই শিক্ষা দিতে চাইছে ডোনাল্ড ট্রাম্প প্রশাসন। মার্কিন প্রেসিডেন্ট ইতিমধ্যেই হুমকি দিয়েছেন, চিন যদি তেহরানকে কোনওভাবে অস্ত্র সরবরাহ করে, তাহলে চিনা পণ্যের উপর ৫০ শতাংশ অতিরিক্ত শুল্ক চাপানো হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লা আলি খামেনেই-এর হত্যাকাণ্ড এবং পরবর্তী সামরিক অভিযানের বিরুদ্ধে চিন সরব হওয়ার পর থেকেই দুই দেশের মধ্যে শীতলতা ক্রমেই বাড়ছে।
চিন বারবার যুদ্ধবিরতির পক্ষে সওয়াল করলেও আমেরিকার দায়িত্বজ্ঞানহীন অবস্থান পরিস্থিতি ক্রমেই আরও জটিল করে তুলছে। যদি সত্যিই হরমুজ প্রণালী সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে, তাহলে বিশ্ববাজারে তেলের দাম আকাশছোঁয়া হতে পারে। যার প্রভাব পড়বে ভারত-সহ প্রতিটি দেশের অর্থনীতিতে।
হিডেন স্টোরিজ নিউজ।
বিষয় : China internationalcrysis IRANUSWAR HORMUZ

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন