গঙ্গারামপুর: বিধানসভা নির্বাচনের পারদ চড়তেই এবার 'বাবরি মসজিদ' ইস্যুতে সুরও চড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার উত্তরবঙ্গের মাটি থেকে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং 'আম জনতা উন্নয়ন পার্টি'র নেতা হুমায়ুন কবীরকে রীতিমতো তুলোধোনা করলেন তিনি। শাহের হুঙ্কার, “বিজেপি ক্ষমতায় এলে বাংলার মাটিতে কোনওভাবেই বাবরি মসজিদ হতে দেওয়া হবে না।”
ভোটের আগেই হুমায়ুন কবীরের সঙ্গে বিজেপির গোপন আঁতাতের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও, সেই ভিডিয়োর সত্যতা যাচাই করা হয়নি। কিন্তু, এদিন গঙ্গারামপুরের সভা থেকে সেই 'সেটিং' তত্ত্ব সপাটে খারিজ করে দেন শাহ। উল্টে হুমায়ুন কবীরকে তৃণমূলের ‘এজেন্ট’ বলে কটাক্ষ করে তিনি বলেন, “হুমায়ুনের মাধ্যমে আসলে দিদিই বাংলার মাটিতে বাবরি মসজিদ বানাতে চাইছেন। কিন্তু, দিদি কান খুলে শুনে নিন, বাংলায় বিজেপি সরকার আসছে এবং আমরা এখানে কোনও বাবরি মসজিদ হতে দেব না।”
এদিন, তৃণমূলের ‘গুন্ডারাজ’ ও ‘সিন্ডিকেট’ নিয়েও উত্তরবঙ্গ থেকে কড়া আক্রমণ শানিয়েছেন শাহ। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ৪ মে নির্বাচনের ফলাফল প্রকাশের পর তৃণমূলের গুন্ডাদের ‘উল্টো করে ঝুলিয়ে সোজা’ করে দেবে বিজেপি সরকার। নববর্ষের আবহে উত্তরবঙ্গের মানুষের কাছে তৃণমূলকে বাংলা থেকে বিদায় দেওয়ার জোরালো ডাক দেন স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজনৈতিক মহলের মতে, হুমায়ুন কবীরের দলের সঙ্গে বিজেপির নাম জড়িয়ে যে বিতর্ক দানা বেঁধেছে, তা সম্পূর্ণ ঝেরে ফেলতেই এদিন এত আক্রমণাত্মক মেজাজে দেখা গেল শাহকে। আম জনতা উন্নয়ন পার্টিকে সরাসরি তৃণমূলের সহযোগী বা ‘বি’ টিম হিসাবে দেগে দিয়ে বিজেপি প্রমাণ করতে চাইল যে - তারা কোনও গোপন সমঝোতায় বিশ্বাসী নয়।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন