কলকাতা: বাংলা নববর্ষের শুভলগ্নে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি রাজনৈতিক লড়াইয়ের সুর আরও চড়িয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পয়লা বৈশাখের সকালে সামাজিক মাধ্যমে নিজের লেখা ও সুর করা গান শেয়ার করে তিনি যেমন মানুষের প্রাণের পবিত্রতার কথা বললেন, ঠিক তেমনই নাম না করে বিজেপিকে ‘দিল্লির জমিদার’ ও ‘স্বৈরাচারী শক্তি’ বলে তীব্র আক্রমণ শানালেন।
নিজের বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, “এই নবীন ঊষালগ্নে আপনাদের প্রত্যেকের জীবন গ্লানিমুক্ত হয়ে উঠুক।” তবে এই শুভেচ্ছার আড়ালেই লুকিয়ে ছিল আগামী ২৩ ও ২৯ এপ্রিলের বিধানসভা নির্বাচনের রণকৌশল। বিজেপিকে ‘ভ্যানিশ ওয়াশিং মেশিন’ বলে কটাক্ষ করে তিনি অভিযোগ করেন, কেন্দ্রীয় এজেন্সি দিয়ে বাংলার ওপর জুলুম চালানো হচ্ছে এবং মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা চলছে।
রাজ্যবাসীকে গণতান্ত্রিক অধিকার রক্ষার আহ্বান জানিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় মনে করিয়ে দেন, কেন্দ্রের বঞ্চনা সত্ত্বেও তাঁর সরকার ১০৫টি সামাজিক প্রকল্প চালিয়ে যাচ্ছে। এসআইআরের কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া নিয়ে এদিন অত্যন্ত উদ্বিগ্ন দেখিয়েছে তৃণমূল নেত্রীকে। তিনি সাফ জানান, যাদের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হয়েছে, তাদের হয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত লড়াই করতে হয়েছে। মমতার কথায়, “যাদের নাম বাদ দিয়ে অনিশ্চয়তা তৈরি করা হয়েছে, তাদের জন্য আমার প্রাণ কাঁদে।” বিজেপি ও নির্বাচন কমিশনের ‘অঙ্গুলিহেলন’ নিয়ে সরব হয়ে তিনি বলেন, বাংলার শান্তি ও ঐতিহ্যগত সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করছে বিভেদকামী শক্তি।
নববর্ষের এই পুণ্য তিথিতে মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার ডাক দিয়ে লেখেন, “আসুন সবরকম সংকীর্ণতার দেওয়াল ভেঙে আমরা বেরিয়ে আসি।” বাংলার চিরকালীন সৌহার্দ্য আর সম্প্রীতির বন্ধন যাতে কেউ ছিন্ন করতে না পারে, তার জন্য মানুষকে সমবেতভাবে রুখে দাঁড়াতে অনুরোধ করেছেন তিনি। উৎসবের মেজাজেই আগামীর রাজনৈতিক লড়াইয়ের বার্তা দিয়ে মমতা স্পষ্ট করে দিলেন, এবারের নির্বাচন আসলে দিল্লির আধিপত্যের বিরুদ্ধে বাংলার মানুষের অধিকার রক্ষার লড়াই।

রোববার, ১৪ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ এপ্রিল ২০২৬

প্রিয় পাঠক, কারিগরি ত্রুটির জন্য আমাদের ওয়েবসাইটি কয়েকঘণ্টা বন্ধ থাকায় আমরা আন্তরিক দুঃখিত। ভবিষ্যতে এরকম ত্রুটি এড়াতে আমরা বদ্ধপরিকর।
— হিডেন স্টোরিজ পরিবার
আপনার মতামত লিখুন